২০ রুপিয়া
২০০২ সাল। সবে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিলাম। প্রতিবছর আমার স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলে মা-বাবার সঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যাই। সেবার আমরা ভারতে বেড়াতে গিয়েছিলাম। যেদিন মুম্বাইয়ে পৌঁছলাম তার ঠিক দুদিন পর আমরা মুম্বাইয়ের রেলওয়ে টিকিট কাউন্টারে এলাম টিকিট কনফার্ম করার জন্য। সেখান থেকে বের হয়ে আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম। হঠাৎ শুনলাম ‘২০ রুপিয়া, ২০ রুপিয়া’ আওয়াজ। কাছে গিয়ে দেখি, দুজন লোক মহিলাদের সুতির প্লেন রেডিমেড সালোয়ার-কামিজ বিক্রি করছে। দাম মাত্র ২০ রুপিয়া। আমার বাবা মাকে বললেন কিনতে। দেখলাম, অনেকেই কিনছেন। তাই মাও কোনো আপত্তি না করে ছয়টি সেট কিনে ফেললেন। জামাগুলো প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা ছিল। কাজেই ওগুলো সেখানে খুলে দেখা সম্ভব হয়নি। আমি আবার হিন্দি ভাষায় কথা বলার ওস্তাদ। তাই ওদের জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা, হোগা ক্যায়া?’ ওরা জবার দিল, ‘হ্যাঁ, হ্যাঁ, বেটিয়া, বহুত আচ্ছা হোগা, লে যাও।’ আমরা যখন হোটেলে ফিরলাম, মা জামাগুলো বের করে দেখতে লাগলেন। সেগুলো দেখে আমি, মা, বাবা আমাদের তিনজনেরই চোখ কপালে উঠল। একি! এগুলো তো মহিলাদের ব্যবহার করা পুরোনো জামা! কোনো কোনো জায়গায় তালিও মারা। এ জন্যই মাত্র ২০ রুপি দাম। আমরা তিনজনই বোকার মতো হেসে উঠলাম। কী আর করা, এগুলো তো আর দেশে নিয়ে আসা যায় না। হোটেলের খাটের নিচে ঢুকিয়ে দিলাম। ঠিকানাবিহীন।