২০ শিল্পীর চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের পার্থক্য তো আছেই। পাশাপাশি বিষয় ও আঙ্গিকেও রয়েছে দুস্তর ব্যবধান। তবু বৈচিত্র্যের মাঝেই তো লুকিয়ে থাকে সৌন্দর্য আর সম্ভাবনা। শিল্পকলা একাডেমীর গ্যালারিতে বিংশতি আয়োজিত ২০ শিল্পীর চিত্রপ্রদর্শনী যেন সেই বৈচিত্র্যেরই বিজ্ঞাপন হয়ে রইল।শিল্পকলা একাডেমীর গ্যালারির তৃতীয় তলায় ২০ জন শিল্পীর ৪০টির মতো চিত্রকর্ম দিয়ে সাজানো পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয়েছে ২৯ জানুয়ারি। ক্যানভাসে সমসাময়িক পৃথিবীর সংকট, মানুষের সম্পর্কের নানা দিক, আধ্যাত্মিকতা, বস্তুজগতের রহস্য, নাগরিক জীবনের নানা অনুষঙ্গ ও মুক্তিযুদ্ধ বিষয় হয়ে এসেছে। তবে শিল্পীদের সম্মিলিত প্রয়াস অর্থাৎ দলগত প্রদর্শনীতে নতুন ভাবনার যে ইশারা পাওয়া যায় এই প্রদর্শনীতে সেটা পাওয়া গেল না। বরং প্রায় সব কাজই ছিল প্রথাগত। তবু শৈলি ও আঙ্গিকের দিক থেকে কাউকে কাউকে বিশেষ ভাবে চোখে পড়েছে। কয়েক দশক ধরে চর্চায় আছেন এমন বেশ কয়েকজন শিল্পীর কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে। তবু তাঁদের সবার কাজ উচ্ছ্বসিত হওয়ার মতো নয়। তুলনায় কয়েকজন নবীন শিল্পীর কাজ বেশ উল্লেখযোগ্য মনে হয়েছে। এঁদের মধ্যে মামুর আহসান মাহতাব ও সাহিদা শারমিন মনসুরের কথা বলতেই হয়। কোনো এক বৃদ্ধ দরজির পোর্ট্রেট এঁকেছেন মামুর আহসান। বিশাল ক্যানভাসে বৃদ্ধের মুখের রেখা, কাপড়ের কুঞ্চন এমনকি সেলাই যন্ত্রের ধাতব শরীরে প্রতিফলনও নিখুঁতভাবে ফুটে উঠেছে ছবিতে। রিয়েলিস্টিক কাজের আবেদন যে এখনো আছে মামুরের ক্যানভাসের সামনে দর্শকদের ভিড় সেটাই মনে করিয়ে দিল। সাহিদা শারমিন রিকশা পেইন্টিংকে বিষয় হিসেবে বেছে নিয়েছেন। অলংকৃত রিকশার ঘেরাটোপে তিনি নারীদের অন্তর্গত বেদনার ভাষ্যই যেন তুলে ধরতে চেয়েছেন।জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে আহমেদ নেওয়াজ, মউদুদ উল আলম, সাফায়াত খান, বিজন মজুমদার, আনোয়ার কবির চৌধুরী ও লক্ষ্মী ধরের চিত্রকর্মও ভালো লেগেছে। আরবি ক্যালিগ্রাফির মধ্যে রহস্যময়তা ও স্রষ্টার মহিমাকে হাজির করেন আহমেদ নেওয়াজ। কাজটি ভালো হলেও তাঁর আগের একটি প্রদর্শনীতে স্থান পাওয়ায় অনেক দর্শকেরই দেখা। তাই নতুনত্বের অনুভূতি টের পাওয়া গেল না। বিংশতির প্রথম আয়োজন ছিল এটি। শিল্পীদের অনেক সংঘের মতো এই দলগত প্রচেষ্টাটি একটি প্রদর্শনীর পরই থেমে যাবে না। প্রদর্শনী দেখতে আসা অনেক দর্শক তেমনটাই প্রত্যাশা করেছেন হয়তো।