
মহেশখালীর গোরকঘাটা-ঘটিভাঙা সড়কের আয়তন আট কিলোমিটার। এর মধ্যে চার কিলোমিটারজুড়েই এখন খানাখন্দ। কিছু অংশ ভেঙে বিলীন হয়ে গেছে। ফলে দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন ঘটিভাঙা ও সোনাদিয়ারা প্রায় ২০ হাজার মানুষ।
৮ আগস্ট সরেজমিনে দেখা গেছে, সড়কের খোন্দাকারপাড়া, মেহেরিয়াপাড়া, বটতলী ও চান্দারকাটা অংশ খানাখন্দে ভরা। এসব স্থানে গাড়ি চলছে হেলেদুলে। তাজিয়কাটা ও ঘটিভাঙা এলাকার ভাঙা অংশে এসে আটকে যাচ্ছে গাড়ি। কারণ, চলছে এক পাশ দিয়ে। তখন এক পাশের গাড়ি চলাচল করলে বিপরীত দিক থেকে আসা গাড়ি আটকে থাকছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশল কার্যালয়ে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।
স্থানীয় লোকজন জানান, চার বছর আগে ওই সড়কের আট কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার সড়কে খানাখন্দ ছিল আগে থেকেই।
সাম্প্রতিক বর্ষণ ও বন্যায় আরও এক কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। অথচ সড়কটি সংস্কারে স্থানীয় প্রকৌশল কার্যালয় কোনো উদ্যোগ নিচ্ছেন না। ফলে ভাঙা সড়কের ওপর দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, ঘটিভাঙা সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। এরপরও সড়কটি সংস্কার হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলার মাসিক সমন্বয় সভায় কয়েকবার উত্থাপন করেও কোনো কাজ হয়নি। জানতে চাইলে উপজেলা সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ওই সড়কের বেশ নাজুক। তাই ভাঙা সড়কটি সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না।