২০০ বছর আগে টিউমার শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন হান্টার
জন হান্টার

পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করাটা চিকিৎসার জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু এটা প্রথম কবে হয়েছিল জানেন? কমপক্ষে ২০০ বছর আগে। জন হান্টার নামের একজন শল্যচিকিৎসক ১৭৮৬ সালেই একজন রোগীর শরীরে ‘হাড়ের মতো শক্ত একটি টিউমার’ চিহ্নিত করেছিলেন।
রয়েল মার্সডেন হসপিটালের একদল ক্যানসার চিকিৎসক ওই রোগীর নমুনা এবং বিবরণ বিশ্লেষণ করেছেন। সেগুলো লন্ডনে অবস্থিত হান্টারিয়ান নামের জাদুঘরে সংরক্ষিত ছিল। টিউমার দেখে রোগনির্ণয়ে হান্টারের সাফল্যের ব্যাপারে গবেষক দল যেমন নিশ্চিত হয়েছেন, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে ক্যানসারের ক্রমপরিবর্তন সম্পর্কেও ইঙ্গিত পেয়েছেন। দলটির সদস্য ক্রিস্টিনা মেসিউ বলেন, তাঁরা মজা করেই কাজটা নিয়েছিলেন। কিন্তু জন হান্টারের অন্তর্দৃষ্টি দেখে বিস্মিত হন।
হান্টার ১৭৭৬ সালে রাজা তৃতীয় জর্জের চিকিৎসক পদে নিয়োগ পেয়েছিলেন। চিকিৎসাবিদ্যাকে কাটা-ছেঁড়ার গণ্ডি ছাড়িয়ে একটি বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করতে তিনি অবদান রাখেন। কথিত আছে, তিনি সংক্রামক রোগ সম্পর্কে একটি বই লেখার প্রয়োজনে ইচ্ছা করে গনোরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
চিকিৎসাক্ষেত্রে হান্টারের বিপুল পরিমাণ কাজের তথ্যপ্রমাণ রয়েল কলেজ অব সার্জনসের হান্টারিয়ান মিউজিয়ামে রাখা হয়েছে। এতে ১৭৮৬ সালে সেন্ট জর্জস হাসপাতালে আসা এক ব্যক্তির বর্ণনায় হান্টারের রঙিন কালিতে লেখা নোট অনুযায়ী, লোকটির ঊরুর নিচের অংশে শক্ত কিছু ছিল। হান্টার লিখেছেন, এটাকে ঘন হাড়ের মতো মনে হচ্ছিল। দ্রুত বাড়ছিল...আক্রান্ত অংশ পরীক্ষা করে দেখা যায়, টিউমারের মতো। মনে হচ্ছে এটা হাড় থেকেই তৈরি হয়েছে।
হান্টার ওই ব্যক্তির পায়ে অস্ত্রোপচার করেছিলেন। চার সপ্তাহ পর লোকটি সেরেও উঠেছিল। সাত সপ্তাহ পর ওই রোগীর মৃত্যু হয়। ময়নাতদন্তে দেখা যায়, তার ফুসফুসেও হাড়ের মতো টিউমার ছড়িয়ে পড়েছিল।
ওই ঘটনার পর অন্তত ২০০ বছর পেরিয়েছে। সেই অস্ত্রোপচারের তথ্য ঘেঁটে ক্রিস্টিনা মেসিউ বলেছেন, টিউমারের বৈশিষ্ট্যগুলো হান্টার ঠিকঠাক চিনতে পেরেছিলেন। আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে তাঁরা দেখেছেন, ওই রোগনির্ণয় সঠিক ছিল। এখন হান্টারের ঐতিহাসিক নমুনা এবং সমসাময়িক টিউমারের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করার সুযোগ এসেছে। এতে বোঝা যাবে, ক্যানসার রোগটি ২০০ বছরের বেশি সময় ধরে কীভাবে পরিবর্তিত হয়েছে।
এ বিষয়ে একটি গবেষণাপত্র ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশিত হয়েছে।