গত শুক্রবারের বৃষ্টির পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মহেশখালী-মাতারবাড়ি সড়কে দুর্ভোগ এখন চরমে। কাদায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। জানা গেছে, সড়কের চার কিলোমিটারের মধ্যে ২০০ মিটার এখনো কাঁচা। বাকি অংশে ইট বিছানো। শুক্রবারের ভারী বৃষ্টিপাতে ওই কাঁচা অংশে কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় মিয়াজির পাড়ার বাসিন্দা জি এম ছমি উদ্দিন বলেন, মাত্র ২০০ মিটার কাঁচা রাস্তার জন্য মাতারবাড়ি ও ধলঘাটার দেড় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহচ্ছে। কিন্তু কাঁচা অংশে ইট বিছানোর জন্য বার বার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি।গত শনিবার সরেজমিনে দেখা যায়, শত দুর্ভোগেও লোকজন কাদার মধ্যে চলাচল করছে। এর মধ্যে একটি টু-স্ট্রোক অটোরিকশা আটকে গেছে কাদায়। যাত্রীরা নেমে ঠেলে সেটাকে কাঁচা অংশ পার করাচ্ছে।অটোরিকশা চালক আলী হোসেন বলেন, ‘সড়কের এ অবস্থা জানলে এদিকে আসতাম না। এখন এসে কষ্টে পড়ে গেছি।’মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ওই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় অনেকবার বলা হলেও কাজ হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুষ্ক মৌসুমে কোনো রকমে গাড়ি চলাচল করলেও বৃষ্টি হলেই গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। মহেশখালী উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, বৃষ্টির কারণে ওই সড়কে সরাসরি গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে এলাকার লোকজন প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই সড়কের কাঁচা অংশ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ওই কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।