২০০ মিটার সড়কের জন্য দুর্ভোগ দেড় লক্ষাধিক মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২০০ মিটার কাঁচা সড়কের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ। সম্প্রতি বৃষ্টির কারণে মহেশখালী-মাতারবাড়ী সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় এ সড়কে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। হেঁটে চলাচল করতে গিয়ে ডাকাতের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। ১০ সেপ্টেম্বর দুপুরে মাতারবাড়ী নতুনবাজার এলাকার স্বর্ণব্যবসায়ী প্রদীপ কুমার দে এ সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় ডাকাতেরা তাঁর কাছ থেকে সাড়ে ১৯ ভরি স্বর্ণ নিয়ে যায়। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজঘাট এলাকার দুবাই প্রবাসী মো. মানিক বাড়ি ফেরার সময় ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁর কাছ থেকে ১০ ভরি স্বর্ণ, মুঠোফোন ও কাপড় কেড়ে নেয়। অবশ্য এ ব্যাপারে তাঁরা থানায় মামলা করেননি। জানা গেছে, চার কিলোমিটার দীর্ঘ মহেশখালী-মাতারবাড়ী সড়কের জনতাবাজার থেকে মাতারবাড়ী সংযোগ সড়ক সেতু পর্যন্ত দুই কিলোমিটার কার্পেটিং করা হয়েছে। মাঝখানে মাত্র ২০০ মিটার কাঁচা সড়ক বাদ দিয়ে বাকি সড়কে ইট বিছানো হয়েছে গত আগস্টে। কিন্তু নিম্নমানের কাজ করায় সড়কের বিভিন্ন স্থান থেকে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অন্য দিকে সাম্প্রতিক বৃষ্টিপাতে সড়কের কাঁচা অংশ থেকে মাটি সরে গিয়ে বড় খাদের সৃষ্টি হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর থেকে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জনতাবাজার থেকে মাতারবাড়ি সংযোগস্থলে এসে যাত্রীদের হেঁটেই যেতে হয় গন্তব্যস্থলে। ফলে দুর্ভোগের কবলে পড়েন স্থানীয় জনসাধারণ। সড়কে ইট বিছানোর কাজে অনিয়ম এবং ২০০ মিটার কাঁচা অবস্থায় রেখে দেওয়া হলেও প্রশাসন ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, কামাল উদ্দিন ও ছমি উদ্দিন প্রথম আলোকে জানান, শুধু ২০০ মিটার কাঁচা সড়কের জন্য এলাকার দেড় লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকায় সন্ধ্যার পর এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে এলাকার মানুষ ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বলা হয়েছে। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। বৃষ্টির পানিতে রাস্তায় কাদা জমে যাওয়ায় মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না।’ তিনি অভিযোগ করে বলেন, সড়কের সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতি হলেও প্রশাসন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।’ তবে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ শাহেদ অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‘দরপত্র অনুযায়ী কাজ শেষ করা হয়েছে।’ উপজেলা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘সড়কের কাঁচা অংশ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘সামান্য সংস্কারকাজের জন্য এলাকাবাসীর দুঃখের শেষ নেই। তাই জরুরিভিত্তিতে কাজটি করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।’ এদিকে, সড়কে ডাকাতের উপদ্রব সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘ছিনতাই-ডাকাতি রোধে স্থানীয় কমিউনিটি পুলিশের সমন্বয়ে রাত ১২টা পর্যন্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রিবক্স বসানো হয়েছে উত্তর নলাবিলা এলাকায়।