২০০০ ফুট ওপরে মাছের চাষ!
রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের দুর্গম গ্রাম মঘাছড়ি মোনপাড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট ওপরের এই গ্রামের বাসিন্দাদের কাছে তাজা মাছ ছিল অনেকটা দুর্লভ বস্তু। সবচেয়ে কাছের বাজার থেকে মাছ কিনে গ্রামে পৌঁছানোর আগেই তা নষ্ট হয়ে যেত। তবে এখন মঘাছড়ি মোনপাড়ার বাসিন্দারা তাজা মাছ খাচ্ছেন। কেবল তা-ই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মাছের চাহিদাও মেটাচ্ছেন।মঘাছড়ি মোনপাড়া গ্রামের কাছেই পাহাড়ের পাদদেশে আছে প্রাকৃতিক পানির উৎস। মাটির নিচ থেকে পানি ওঠে অবিরাম। ফলে সেখানে ছোটখাটো একটা জলাশয়ের সৃষ্টি হয়। বছর দুয়েক আগে বেসরকারি সংস্থার পরামর্শে গ্রামের বাসিন্দারা জলাশয়টিতে বাঁধ দিয়ে শুরু করেন মাছের চাষ। এখন রুই, তেলাপিয়া, সিলভার কার্প, মৃগেলসহ নানা জাতের মাছ পাওয়া যায় জলাশয়ে। ছয় মাস পর পর মাছ বিক্রিও করেন তাঁরা। উঁচু পাহাড়ে মাছ চাষের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও। মঘাছড়ি মোনপাড়া গ্রামের বাসিন্দা ও মৈদুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মেয়েরাম তঞ্চঙ্গা এ বিষয়ে বলেন, ‘আমাদের গ্রামে ৪৩ পরিবারের বসবাস। গ্রামের বাসিন্দারা কোনো সরকারি সহায়তা পান না। সম্প্রতি কয়েকটি উন্নয়ন সংস্থা এই গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে উন্নয়নমূলক কাজ শুরু করে। এ কারণে গ্রামবাসীর জীবনমানেও পরিবর্তন এসেছে। উন্নয়ন সংস্থার লোকজনের পরামর্শেই আমরা মাছের চাষ শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘দুবছর আগেও আমরাতাজা মাছ খাওয়ার কথা ভাবতে পারিনি। কিন্তু এখন নিয়মিত মাছ খাচ্ছি। আমাদের দেখাদেখি আশপাশের গ্রামে বাসিন্দারা এ পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে এসেছেন। গ্রামে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি এসেছে।’ সরেজমিনে দেখা গেছে, মঘাছড়ি মোনপাড়ায় মাছ চাষের সাফল্য দেখে বটতলা মোনপাড়ার ঝিরিতে বাঁধ দিয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামবাসী জানান, এ ধরনের উদ্যোগে সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থা স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটি (সাস), গ্রিনহিল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।মঘাছড়ি মোনপাড়ার বাসিন্দা জগন্নাথ তঞ্চঙ্গ্যা (৫০) বলেন, ‘এমন সময় ছিল, আমরা তাজা মাছ কিনে গ্রামে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যেত। এখন তাজা মাছ খাওয়ার পাশাপাশি পাহাড়ের নিচের গ্রামগুলোতে মাছ বিক্রি করতে পারি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা পাহাড়চূড়ায় মাছের চাষ দেখে অভিভূত। তিনি জানান, গ্রামবাসীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।