২০০২ সালের প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে
প্রথম আলো: এবার চট্টগ্রাম মহানগর এলাকার সরকারি বিদ্যালয়গুলোতে আগের বছরগুলোর চেয়ে কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি করেছেন কেন?মোহাম্মদ আজিজ উদ্দিন: নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০০২ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) অধিদপ্তর থেকে জারি করা একটি প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। ওই প্রজ্ঞাপনে ক্লাসের প্রতিটি শাখায় ৬০ জন ছাত্র ভর্তি করানোর নির্দেশনা আছে। আসলে ওই চিঠির আলোকে এবারের জেলা ভর্তি কমিটির সভায় সিদ্ধান্তটি কার্যকর করা হয়। প্রথম আলো: আগের বছরগুলোতে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। ফলও খুব ভালো হয়ে আসছিল। মাউশি অধিদপ্তরের ২০০২ সালের প্রজ্ঞাপন কার্যকর করে আপনারা শিক্ষা সংকোচন নীতি অনুসরণ করছেন না?মোহাম্মদ আজিজ উদ্দিন: চট্টগ্রাম মহানগরে জনসংখ্যার অত্যধিক চাপ আছে। এ ছাড়া ভালো মানের স্কুলের অভাব এবং সীমিত খরচে পড়াশোনার সুযোগও কম। এসব বিবেচনা করে জনস্বার্থেই আগের জেলা প্রশাসন স্থানীয় সরকারি স্কুলের নয়জন প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করে আসনসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় ২০০২ সালের প্রজ্ঞাপন উন্মোচিত হয়নি বলে আসন বাড়ানো হয়েছিল। এখানে শিক্ষা সংকোচন নীতির বিষয়টি কেন আসবে?প্রথম আলো: জনস্বার্থে আগের বছরগুলোতে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তি করে আসছিলেন। আট-নয় বছর আগের প্রজ্ঞাপন কার্যকর করে আপনারা আবার জনস্বার্থবিরোধী ভূমিকায় অবতীর্ণ হলেন না?মোহাম্মদ আজিজ উদ্দিন: আসলে সরকারের বিধিবিধান মেনে চলা আমাদের দায়িত্ব। কর্তৃপক্ষ চাইলে আমরা আগের সিদ্ধান্তে ফিরে যেতে পারি। আমি বিশ্বাস করি, ভালো পরিবেশের কারণে মাঝারি মানের একজন ছাত্র গোল্ডেন জিপিএ-৫ পেতে পারে, যার উদাহরণ কলেজিয়েট স্কুল। কর্তৃপক্ষ অনুমোদন দিলে আমাদের স্কুলে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীতে এই মুহূর্তে আরও বেশিসংখ্যক ছাত্র ভর্তি করা যাবে। এতে পাঠদানে কোনো সমস্যা হবে না। শিক্ষকসংকটও আমাদের নেই। কারণ আগের বছরগুলোতে আমরা বেশিসংখ্যক ছাত্রকে পাঠদান করেও সাফল্য পেয়েছি। এবারও মেধার ভিত্তিতে বেশিসংখ্যক ছাত্র ভর্তি করা হলে ফলাফল আগের মতোই ভালো হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।