২০১০-এর সেরা ব্র্যান্ড নকিয়া
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১০’ প্রদান অনুষ্ঠান হয়ে গেল ৭ মে। ঢাকায় হোটেল রূপসী বাংলার (সাবেক শেরাটন) উইন্টার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়। গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে নকিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে লাক্স ও গ্রামীণফোন। সেরা দশ ব্র্যান্ডের মধ্যে আরও আছে সানসিল্ক, প্যারাসুট, সেভেন-আপ, সনি, ক্লোজ-আপ, ফেয়ার অ্যান্ড লাভলি ও হুইল। সেরা ২০ ব্র্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হলো—বাংলালিংক, রূপচাঁদা, তীর, পেপসোডেন্ট, ম্যাগি, ক্লিয়ার, লাইফবয় ইত্যাদি।এর বাইরে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, এফএমসিজি (প্যাকেজ ফুড, টয়লেট্রিজ ও বেভারেজ), মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডর, কনজিউমার ইলেকট্রনিকস, মোবাইল ফোন হ্যান্ডসেট ইত্যাদি ২০টি বিভাগে আলাদা আলাদা পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সাল থেকে বিবিএফ ও নিয়েলসেন বাংলাদেশ যৌথভাবে ‘সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ দিয়ে আসছে। নিয়েলসেন বাংলাদেশ বিজয়ী ব্র্যান্ডগুলোকে বেছে নেওয়ার জন্য সুবিস্তৃত গবেষণা করে। ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের মনোভাব, সাফল্যের কথা ও বাজারে ব্র্যান্ডের অবস্থানের ওপর ভিত্তি করে গবেষণার উপাত্ত সংগ্রহ করা হয়। এ বছরের গবেষণা শুরু হয় ডিসেম্বর ২০১০-এ।বাংলাদেশে ব্যবসায়িক মূল্যবোধকে ব্র্যান্ডিং কৌশলে আরও উজ্জ্বলভাবে উপস্থাপনের জন্য কৌশলগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ পুরস্কার ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে এই ধারণা ছড়িয়ে দিচ্ছে যে প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং অনেক ক্ষেত্রে এটিই কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য একমাত্র সম্পদ হয়ে দাঁড়ায়। সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার, উপদেষ্টা প্রিমা নাজিয়া আন্দালিব, নিয়েলসেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক খালিদ হাসান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রমুখ।