২০১৬ সালে ভারতের বিদ্যুৎ আসবে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। এ লক্ষে৵ পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে কসবা পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শুরু হচ্ছে। লাইনের কাজ শেষে ২০১৬ সালের প্রথম দিকে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশও ওই সময়ের মধ্যে এই অংশের সঞ্চালন লাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র-১ ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। কেন্দ্রটির যন্ত্রপাতি নেওয়া হয়েছিল বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করে। এখানে গ্যাসভিত্তিক দুটি কেন্দ্র হবে। দুই কেন্দ্রে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এ ব্যাপারে দুই দেশের সরকারই সম্মত হয়েছে। এই বিদ্যুৎ রপ্তানির জন্য বিদ্যুৎকেন্দ্র থেকে কসবা পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইনের কাজ শুরু করেছে ত্রিপুরা বিদ্যুৎ মন্ত্রণালয়।
এ বিষয়ে গত ৩১ জানুয়ারি এক মতবিনিময় সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘আশুগঞ্জ পোর্ট ব্যবহার করতে না দিলে আমরা এই বিদ্যুৎকেন্দ্র বানাতে পারতাম না। কারণ, এত বড় বড় যন্ত্রপাতি আমাদের দেশের ভেতর দিয়ে আনা অসম্ভব। তাই আমরা বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে এটা দেওয়া হবে। এ জন্য প্রস্তুতি এগিয়ে চলছে।’
চট্টগ্রামের সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে সিপিএমের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই বিদ্যুৎ আমদানির বিষয়ে ঢাকা, দিল্লি ও আগরতলায় তিন দফা বৈঠক হয়েছে। এরপর দুই দেশ সম্মত হয়। তারপর এর প্রস্তুতিকাজ শুরু করা হয়। পালাটানা কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১৯৬ মেগাওয়াট ত্রিপুরা রাজ্য সরকার পাবে। বাকিটা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের অংশ থেকে দিতে না চাইলেও নিজেদের অংশ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি মুখ্যমন্ত্রী।
সরেজমিনে দেখা গেছে, ত্রিপুরার উদয়পুর জেলার পালাটানা বিদ্যুৎকেন্দ্র-১ এখন বিদ্যুৎ উৎপাদন করছে। পাশাপাশি পালাটানা-২ কেন্দ্রটির উদ্বোধন হয়ে গেছে। এটিও কিছুদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে।
পালাটানা থেকে সূর্যমনিনগর হয়ে কুমিল্লার কসবা এলাকা দিয়ে বাংলাদেশে ত্রিপুরার বিদ্যুৎ আসবে। এ জন্য পালাটানা থেকে ২৪ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের কাজ শুরু হচ্ছে এই মাসেই। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে জানান ত্রিপুরার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী মানিক দে। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শেষ করব। ২০১৬ সালের প্রথম দিকে আমরা বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে আশাবাদী।’
পালাটানা কেন্দ্রের বিদ্যুৎ আনার ব্যাপারে বাংলাদেশও কাজ শুরু করেছে। এ জন্য ৪৭ কিলোমিটার সঞ্চালন লাইন করার কাজ এগিয়ে চলছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও নকশা পরিদপ্তর সূত্রে জানা গেছে। দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ করা আমাদের কাছে চ্যালেঞ্জ। আশা করি, করতে পারব।’ বিদ্যুৎ আনার জন্য বাংলাদেশ অংশে ২৮ কিলোমিটার ৪০০ কেভি এবং ১৯ কিলোমিটার ১৩২ কেভি সঞ্চালন লাইন স্থাপন করছে বাংলাদেশ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।