২০১৭ মোরগের দখলে থাকবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চীনা রাশিচক্রে হরেক রকম প্রাণীর সমাহার। সেখানে ১২টি প্রাণী একেকটি বছরের প্রতিনিধি। তাদের নিয়ে জনপ্রিয় কাহিনিও চালু আছে। যেমন নদীপথে প্রাণীগুলো এক মহাকাব্যিক যাত্রায় অংশ নিয়েছিল। সেই থেকেই নাকি তাদের সত্যিকারের বৈশিষ্ট্য নির্ধারিত হয়।
বর্ষপঞ্জিতে ১২টি প্রাণীর অবস্থানের ক্রমবিন্যাস আছে। প্রথমে ইঁদুর, আর সবার শেষে শূকর। একেক বছর একেকটা প্রাণীর প্রাধান্য থাকে। আর তাদের বৈশিষ্ট্য অনুযায়ীই নির্ধারিত হয় বছরটা কেমন যাবে! ২০১৭ সালটা মোরগের দখলে। ১২ বছর পর পর একেকটা প্রাণিবর্ষ শুরু হয়। এই চক্রে মোরগের অবস্থান শেষের দিক থেকে তৃতীয়। চীনা চান্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী এবার মোরগবর্ষ শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জানুয়ারি)।বহুল প্রচলিত প্রাচীন চৈনিক লোককথা অনুযায়ী, পৌরাণিক
দেবতা সম্রাট জেইড একবার নদী পেরোনোর প্রতিযোগিতার আয়োজন করলেন। শুরুতে সবার সামনে ছিল বিড়াল ও ইঁদুর। তখন তারা অন্তরঙ্গ বন্ধু ছিল। তারা একটি ষাঁড়কে রাজি করিয়েছিল, যেন সে নিজ পিঠে তাদের দুজনকে চড়িয়ে নদীটা পার করে দেয়।
কিন্তু দুষ্টু ইঁদুরের নিজস্ব পরিকল্পনাও ছিল। সে ওই যাত্রার প্রায় শেষ পর্যায়ে বিড়ালটাকে ধাক্কা মেরে নদীতে ফেলে লাফ দিয়ে ষাঁড়ের আগেই তীরে পৌঁছে যায়। এভাবেই ইঁদুর চীনা রাশিচক্রে প্রথম স্থান দখল করে নিয়েছে। তার পরপরই কূলে পৌঁছায় সেই ষাঁড়। তৃতীয় স্থানটি বাঘের দখলে। সেও সাঁতরে নদীটা পেরিয়েছিল। বাঘের পেছনেই ছিল খরগোশ। সে এই পাথর থেকে লাফিয়ে ওই পাথর—করতে করতে এগিয়েছিল। তবে সে দু-একবার পাথরে পা পিছলে এবং একবার একটা গাছের গুঁড়িতে আটকে গিয়ে কিছুটা দেরি করে ফেলে। কিন্তু তাকে নিরাপদে নদীতীরে পৌঁছে দেয় শক্তিশালী ড্রাগন। ওড়ার সামর্থ্য থাকলেও ড্রাগন পঞ্চম স্থান অর্জন করে। এতে সম্রাট জেইড অবাক হয়েছিলেন। তবে ড্রাগন দাবি করল, সে খরগোশকে সাহায্য করার পাশাপাশি নদীপথে কয়েকজন বিপদাপন্ন গ্রামবাসীকে নিয়ে ব্যস্ত ছিল।

সাপ ও ঘোড়া নদী পেরোনোর পর আরও তিনটি প্রাণী একই ভেলায় চড়ে যাত্রাটা শেষ করে—ভেড়া, বানর ও মোরগ। তাদের পেছনে একটি কুকুর ছিল। সে একবার পথ ভুল করেছিল। তা ছাড়া সাঁতারে বিশেষ সুবিধা করতে পারছিল না। সবার শেষে তীরে পৌঁছায় শূকর। যাত্রা শুরুর আগে সে খুব বেশি পরিমাণে খেয়েছিল বলে পথে একবার ঝিমাতে শুরু করেছিল।

আর বিড়ালটা সময়মতো পৌঁছাতে পারেনি বলে রাশিচক্রে ঠাঁই পায়নি। সে তো আসলে ইঁদুরের প্রতারণার শিকার হয়েছে। সেই থেকে ইঁদুর-বিড়াল আজও চিরশত্রু।