২০২০: কম্পিউটার মানুষের আরও কাছাকাছি
আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন কম্পিউটারের ভূমিকাই মুখ্য। দিন দিন নিবিড় থেকে নিবিড়তর হয়ে উঠছে এই সম্পর্ক, ক্রিয়া-প্রতিক্রিয়া। ২০২০ সালের সময়টি যেন বর্তমানে প্রযুক্তিনির্ভর মানুষের জীবনে হয়ে উঠেছে এক ভবিষ্যত্ ফলক। ২০২০ সালে কেমন হবে মানুষের সঙ্গে কম্পিউটারের সম্পর্ক? পরিবর্তনশীল পৃথিবীর পরিপ্রেক্ষিতে কী অপেক্ষা করছে ভবিষ্যতে? আন্তক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে সেই রূপান্তরের রূপ? কোন সাহায্যে আসবে ভবিষ্যতের সেই সম্পর্কযুক্ত গোষ্ঠী? কোন পথে চলবে সেই ভবিষ্যতের সভ্যতা? বছর দুয়েক আগে সারা বিশ্বের জ্ঞানী-পণ্ডিত ব্যক্তিদের সামনে এ প্রশ্ন রেখেছিল মাইক্রোসফটের সহযোগিতায় যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় ও ওপেন ইউনিভার্সিটি। আহরিত মতামত, মন্তব্য, তথ্যাবলি সমন্বিত করে প্রকাশিত হয়েছে ‘বিইং হিউম্যান—হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন ইন ২০২০’ শীর্ষক ১০০ পৃষ্ঠার সুদীর্ঘ প্রতিবেদন। ওই প্রতিবেদনের একটি সংক্ষিপ্ত রূপ এখানে বর্ণিত হলো।পরিবর্তনশীল পৃথিবী: পূর্বাভাসদ্রুতই বদলে যাচ্ছে কম্পিউটারের কর্মকাণ্ড এবং এর সঙ্গে আমাদের সম্পর্ক। চারপাশ দিয়ে আবৃত করে ফেলছে আমাদের জীবন—প্রতিদিনের কাজের ধারা থেকে অবসর সময় কাটানো পর্যন্ত, বিভিন্ন বিল পরিশোধ করা থেকে বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি পর্যন্ত, যোগাযোগ করা থেকে আমাদের লেখাপড়া পর্যন্ত। কম্পিউটারের সঙ্গে আমাদের ক্রিয়া-প্রতিক্রিয়ার ধরনটি পরিবর্তনশীল। পরিচিত রূপটি দ্রুতই চলে যাবে অতীতের পাতায়। কিবোর্ড, মাউস, পয়েন্টার ও মনিটরের স্থানে আসছে আরও চমকে ভরপুর ভিন্নরূপের অনুষঙ্গ; স্টাইলাস-নির্ভর ট্যাবলেট পিসি, কণ্ঠস্বর শনাক্তকারী সিস্টেম, স্পর্শকাতর সারফেস। যন্ত্র-অনুষঙ্গের ভেতরে এমবেডেড থাকছে কম্পিউটার, যেমন—নিন্টেনন্ডো উই। প্রচলিত ভিজুয়্যাল ডিসপ্লে ইউনিটের বদলে আসছে মাইক্রো-ইলেকট্রো-যান্ত্রিক সিস্টেম, জৈব পদার্থ ও প্লাস্টিক ইলেকট্রনিক্স। সব পদার্থে সব আকারে সংযুক্ত (এমবেডেড) হবে ডিসপ্লে। ২০২০ সালেও আমরা কাগজ ব্যবহার করতে থাকব। কিন্তু নতুন রূপে আবির্ভূত হবে নমনীয় পর্দা, যেখানে তৈরি করা ও দেখা যাবে নতুন রূপের ডকুমেন্ট। ডিজিটাল পেপারে প্রদর্শন করা যাবে সামাজিক বাঁধনের (রিয়াল-টাইম) পত্রপত্রিকা। পরিধেয় বস্ত্র স্বাস্থ্য নিরূপণ করে তথ্য প্রদর্শন করবে কাপড়ের ওপরই!প্রাত্যহিক জীবনে রোবটের ভূমিকাও ক্রমবর্ধনশীল। গৃহস্থালির কাজ থেকে শুরু করে সামরিক বিপজ্জনক বা জরুরি কাজে, এমনকি আদরের পোষা জীবজন্তুর রূপে প্রদান করবে সঙ্গ! চারপাশের বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিত অনুধাবন করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বেড়ে যাবে তার সামর্থ্য। ২০২০ সাল নাগাদ আমরা মেশিনকে প্রশ্ন করতে পারব এবং তারাও আমাদের আকাঙ্ক্ষা বুঝবে! কম্পিউটারের ক্রমবর্ধনশীল কর্মকাণ্ডই বলে দেয় যে আমরা যেন সযত্নে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং নির্ভরতা অনুধাবন করি। এক সময়ের দামি ডিজিটাল স্টোরেজ এখন সুলভ্য। বহনযোগ্য মেমোরি ও ইন্টারনেট-নির্ভর স্টোরেজ আসছে সবার হাতের নাগালে। ফলে অলক্ষে বদলে যাচ্ছে আমাদের আচার-আচরণ।ডিজিটাল ফটোগ্রাফি, পডকাস্টিং, ব্লগিং ও ইউটিউবের মতো সাইটের সাহায্যে ভিডিও মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছুই রেকর্ড বা শেয়ার করার হার বেড়েই চলেছে। প্রযুক্তির সাহায্যে কোনো সফটওয়্যারকে পরিবর্তন করে আকাঙ্ক্ষিত রূপে রূপান্তর করা যায়, যা ছিল শুধু বিশেষজ্ঞ পর্যায়ের ডেভেলপারদের বিষয়। বিস্ময়করভাবে, যেহেতু আমরা ক্রমেই বেশি মাত্রায় ডিজিটাল তথ্য নিয়ন্ত্রণ করছি; এর বিপরীতে আমাদের ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ বা পদচিহ্নের ওপরে ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছি! বেশি মাত্রায় ধারণক্ষমতার মানেই হলো আমাদের জীবনের বেশির ভাগ অংশই বেশি বেশি করে নজরদারিতে বন্দী হওয়া! যেমন মোবাইল ফোনকল থেকে শুরু করে সিসিটিভি ফুটেজে—অনেক কিছুই নিজেদের ‘অলক্ষে’ ধরা পড়ছে! সহজে তথ্য ধারণ করা যায় বলেই আমরা যেকোনো তথ্য ধারণ করব—এমনটা শ্রেয় নয়। ২০২০ সালে মানুষ-কম্পিউটারের নিবিড় সহাবস্থানের পরিপ্রেক্ষিতে ‘গোপনীয়তার’ বিষয়টা অনেক বেশি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।সংযুক্তির রূপান্তরকম্পিউটার আর আমাদের মাঝের সীমারেখাটি (ইন্টারফেস) ক্রমেই হালকা হয়ে আসছে; একসময় একেবারেই মিলিয়ে যাবে। এ মুহূর্তে আমরা দেখছি ইন্টারফেসটির শেষ দৃশ্য! একদিকে ইন্টারফেসটি ক্রমেই নিবিড় হয়ে, স্বাস্থ্য পর্যবেক্ষণের প্রয়োজনে স্থান করে নিচ্ছে আমাদের পোশাকে; এমনকি শরীরের ভেতরেও! অন্যদিকে সেটা অদৃশ্য রূপে স্থান করে নিচ্ছে আমাদের চারপাশজুড়ে। কম্পিউটারের সঙ্গে কথা বলবে কম্পিউটার। আমাদের একান্ত তথ্যসমূহকে ছড়িয়ে দেবে সবার মধ্যে আর বাজারের ব্যাপক তথ্যকে এনে দেবে আমাদের কাছে।সুনিশ্চিত সংযুক্তি এবং অতিসংযুক্তির বাঁধনে দ্রুতই জড়িয়ে পড়ছি আমরা। এই সংযুক্ত ডিজিটাল পরিবেশে যেখানেই থাকি না কেন, সংযুক্তি থাকছে পুরো পৃথিবীর সঙ্গে। অবস্থানটি অফিসে না বাড়িতে, সে বিষয়টি ক্রমেই মিলিয়ে যাচ্ছে। কম্পিউটার এখন এতটাই নিবিড় যে আমরা সরাসরিভাবে প্রত্যক্ষ করছি প্রযুক্তিনির্ভরতার বিস্তৃতি। দ্রুতবর্ধনশীল বিস্তারের পরিপ্রেক্ষিতে আমাদেরও মনে রাখতে হবে যে আমরা ‘আমাদের দক্ষতাকে’ দিয়ে দিচ্ছি প্রযুক্তিকে। আর এই নির্ভরতা বাড়তেই থাকবে। আধুনিক মানুষের মানসাঙ্ক বা মনে মনে হিসাব করার দক্ষতা হ্রাসের জন্য সার্বিকভাবে দায়ী করা হয় ক্যালকুলেটরকে। তাহলে ভবিষ্যতে কম্পিউটর যখন আরও ব্যাপক দায়িত্ব লাভ করবে, তখন ‘অত্যাধুনিক’ মানুষের অবস্থা কী দাঁড়াবে! আর সেই প্রভাবটা যে বিশ্বের সব দেশে সমান হবে না, সেটা বলাই বাহুল্য। অতএব, ডিজিটাল বিভাজন অবশ্যম্ভাবী।তাত্ক্ষণিক ঘটনা ঘটেই মিলিয়ে যাওয়ার দিন সমাপ্তির পথে। যেকোনো কিছুই ধারণ করে রাখা যাচ্ছে ডিজিটাল রূপে। আমাদের বেচাকেনার ধরন, চলাফেরা, এমনকি আমাদের ভুলভ্রান্তিগুলোও ধরা পড়ছে কম্পিউটারে; ধারণ করা তথ্য কখনো দৃশ্য, কখনো অদৃশ্য! সে ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ধরনের আইনেরও। কম্পিউটারের অ্যাপ্লিকেশনগুলো ক্রমেই সহজতর হয়ে পৌঁছাচ্ছে সাধারণ ব্যবহারকারীদের কাছে। বাড়ছে সাধারণের সৃষ্টিশীলতা। রচিত হচ্ছে ফিজিক্যাল আর ডিজিটাল পৃথিবীর মধ্যে সেতুবন্ধ। বৈজ্ঞানিক গবেষণা আর আবিষ্কারের পথে পড়বে ব্যাপক ইতিবাচক প্রভাব। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক সর্বজনীনতার মতো বিষয়গুলোর সমাধান আসবে সহজেই।সঠিক বিবেচনা এবং নিয়ন্ত্রণে ঘাটতি থাকলে আমরা একক বা সামষ্টিকভাবে আমাদের ‘চারপাশের পৃথিবীর নিয়ন্ত্রক’ থাকতে পারব না। ব্যক্তিগত আওতা, সমাজ, পরিচয়, স্বাধীনতা, ধারণা, বুদ্ধিমত্তা বা একান্ত গোপনীয়তার (প্রাইভেসি) মতো মানুষের মৌলিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হবে কম্পিউটারের অবস্থান। দেখা যাচ্ছে যে কম্পিউটিংয়ের বিস্ফোরণোন্মুখ বিস্তৃতি দুই ধার তলোয়ারের মতো! একদিকে ব্যাপক উপকারিতা, অন্যদিকে ব্যাপক ঝুঁকি। ২০২০ সালের কম্পিউটার-প্রযুক্তিকে এতটাই উন্নততর হতে হবে, যেন সেটা মানবীয় মূল্যবোধ, নৈতিকতা এবং মানসিকতাকেও ধারণ করে। মানব কম্পিউটার মহামিলনের মূল ভিত্তি হবে ‘ব্যবহারকারী’ নয় বরং ‘মানুষ’।সূত্র: মাইক্রোসফট রিসার্চের ওয়েবসাইট