২০২৪ সালের কোনো এক ঈদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। আব্বু এইমাত্র তাঁর স্মার্টফোনে গরুর অর্ডার দিয়েছেন। Weight : 640lbs, Color : Brown, 
Species : Taurus, Country : Bangladesh
অনলাইনে যারা অর্ডার নিয়েছে, তারাই নাকি গরুর মাংস, চামড়া, ভুঁড়ি—সবকিছু ঈদের দিন সকাল ১০টার মধ্যে ডেলিভারি করে দেবে।
এখন সেই দিনগুলো খুব মিস করি। আব্বু আর পাশের বাসার আঙ্কেল মিলে হাটে যেতেন গরু কিনতে। গরু নিয়ে এলেই সবার মধ্যে আনন্দের ঝিলিক দেখা যেত। কেউ দাম জিজ্ঞেস করত। দাম শুনে বিজ্ঞের মতো মন্তব্য করত, ‘নাহ্, দাম ঠিকই আছে, গরু খারাপ হয় নাই।’ আমরা বন্ধুদের সঙ্গে নিজেদের গরুর তুলনা করতাম, ঝগড়া করতাম। গরুর ছবি তুলতাম। গরুর সঙ্গে কত বিচিত্র ভঙ্গিতে সেলফি তুলতাম। ফেসবুকে ছবি আপলোড করতাম। এসব সেলফিতে কতজনে কত মন্তব্য করত, ‘দুইটা গরু দেখতেছি... তোরা কি দুইটা গরু কোরবানি দিবি?’ কিংবা ‘কিরে তোর আবার শিং গজাইল কবে…?!’ এখন তো ঈদুল আজহায় কেউ গরুর মুখই দেখে না, সব স্মার্টফোনের মাধ্যমে অনলাইনেই হয়। পে–ও করা হয় স্মার্টফোনের মাধ্যমে। সে সময় গরুর সঙ্গে সেলফি তোলার প্রতিযোগিতা হতো, প্রতিযোগিতা হতো ঈদ ও গরু নিয়ে মজার অভিজ্ঞতা বা গল্প লেখার। ২০১৪ সালের ঈদুল আজহায় এমন এক প্রতিযোগিতায় আমি লেখা পাঠিয়েছিলাম, কিন্তু পুরস্কার পাইনি। সেকি আফসোস! দুদিন তো ভাতই খেলাম না দুঃখে!
কিন্তু হায়! আর কী বলব সেসব দিনের কথা। এখন আর সেসব প্রতিযোগিতা হয় না, এখন কেউ আর গরুর সঙ্গে সেলফিও তোলে না। গরু নিয়ে কারও মধ্যে কোনো উত্তেজনা নেই। এখন কেউ আর আগের মতো ফেসবুকে নক করে বলে না, ‘তুই গরু, না খাসি?’
মিরপুর, ঢাকা