২০৫ ভরি সোনা এক মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে লুট হওয়া ২০৫ ভরি সোনা এক মাসেও উদ্ধার হয়নি। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সেই দুজন সদস্যকেও শনাক্ত করা যায়নি, যাঁদের বিরুদ্ধে লুটের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে কোনো কিনারা না হওয়ায় ২৫ মার্চ মামলাটি রেলওয়ে থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ ফেব্রুয়ারি নগরের হাজারী গলির ‘বিশ্বকর্মা বুলিয়ন’ নামের জুয়েলারি দোকানের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। চট্টগ্রাম স্টেশনে তাঁরা ট্রেন ধরতে না পারায় পাহাড়তলী স্টেশনে যান। ওই সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুজন পলাশ ও বিশ্বজিৎকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে নিয়ে যান। সেখানে দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেওয়া হয়। তাঁরা এসব সোনা গলানো ও নকশা করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুজনকে আসামি করে মামলা করেন। পরদিন রেলওয়ে কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে। চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। সেখানে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ বলেন, রিমান্ডে মেজবাহের কাছ থেকে লুট হওয়া সোনাগুলো সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে তিনি পুলিশের কাছে মুখ খোলেননি। পরে মামলাটি সিআইডিতে চলে যায়।
বর্তমানে মামলাটির তদন্ত করছেন সিআইডি চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম। তদন্ত কর্মকর্তা গত মঙ্গলবার আসামি মেজবাহকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে লুট হওয়া সোনাগুলো উদ্ধার করতে আসামির কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। যে দুজন সোনাগুলো নিয়ে গেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে, তাঁদের শনাক্ত করা হবে। আশা করি সিআইডি জড়িতদের গ্রেপ্তার করে লুট হওয়া সোনাগুলো উদ্ধার করতে পারবে।’
হাজারী গলির ‘বিশ্বকর্মা বুলিয়ন’ জুয়েলারি দোকানের মালিক বিধান ধর বলেন, এক মাস পেরিয়ে গেলেও লুট হওয়া সোনাগুলো উদ্ধার করতে পারল না পুলিশ। এগুলো মানুষের কাছ থেকে নিয়ে কিছু গলাতে এবং কিছু নকশা করার জন্য দুই কর্মচারীকে দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল।
গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত মেজবাহ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ঘটনার দিন অসুস্থ থাকায় রেলের নিরাপত্তা বাহিনীর দুজন কর্মীকে তিনি চিনতে পারেননি। লুট হওয়া সোনার বিষয়েও তিনি কিছুই জানেন না।