২১ ও ২২ অক্টোবর বিশ্ব চলচ্চিত্র অধিবেশন
বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রতি পুরস্কৃত ছয়টি চলচ্চিত্র নিয়ে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২১ অক্টোবর থেকে দুই দিনের সমকালীন বিশ্ব চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। ২১ অক্টোবর বেলা ১১টায় প্রদর্শিত হবে স্পেন ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় নির্মিত আলেকজান্দ্রো গঞ্জালেস ইনারেতু পরিচালিত বিউটিফুল, বিকেল চারটায় গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ এবং সন্ধ্যা সাতটায় অপর্ণা সেন পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ইতি মৃণালিনী। ২২ অক্টোবর বেলা ১১টায় থাকবে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত সম্প্রতি সাড়া জাগানো অটোগ্রাফ, বিকেল চারটায় টেরেন্স মালিক পরিচালিত এ বছর কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র দ্য ট্রি অফ লাইফ এবং সন্ধ্যা সাতটায় অধিবেশনের শেষ চলচ্চিত্র সংগীতা দত্ত পরিচালিত ব্রিটেন, ভারত ও যুক্তরাষ্ট্র প্রযোজিত লাইফ গোজ অন।—আলোকিত প্রতিবেদক