
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ২১ কিলোমিটারে বাঁক রয়েছে ৫২টি। সড়কের প্রায় সবগুলো বাঁকই ঝোপঝাড় ও জঙ্গল পরিবেষ্টিত। এর ফলে বাঁকগুলোতে একপাশ থেকে অন্য পাশের যানবাহন দেখা যায় না। এ কারণে সড়কটিতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, সড়কটি আগে সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন (১৯ ইসিবি) রক্ষণাবেক্ষণ করত। গত ২৭ জুলাই এটি সওজের কাছে কাছে হস্তান্তর করা হয়। এরপর সওজ সড়কটি সংস্কারে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছে।
সম্প্রতি খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের বাঁকগুলো ঘন ঝোপ-ঝাড় ও জঙ্গল পরিবেষ্টিত। রাবার বাগান এলাকার একটি বাঁকে বাঁশঝাড় থাকায় যানবাহন সামনাসামনি না এলে দেখা যায় না। একই অবস্থা পাঁচ মাইল এলাকায় বাঁকটির। এখানে উঁচু পাহাড় থেকে নেমেই আবার ওপরে ওঠার সময় মোড় নিতে হয়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা অনিবার্য। গত ৮ জুন এই বাঁকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ছিদ্দিক নামের এক ব্যবসায়ী মারা গেছেন। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল, ৮ মাইল, ৯ মাইল ও ভৈরফাসহ বিভিন্ন এলাকার বাঁকগুলোও ঝুঁকিপূর্ণ।
এ সড়কে প্রতিনিয়ত চলাচলকারী ব্যবসায়ী মো. মোস্তফা, অজিত বড়ুয়া ও দেলোয়ার হোসেন বলেন, ‘সড়কের বাঁকগুলো ঘন জঙ্গেল এমনভাবে ঢাকা পড়েছে যে, এক পাশের গাড়ির চালক অন্য পাশের গাড়ি দেখেন না। ঝুঁকি জেনেও এ সড়কে আমরা চলাচল করতে বাধ্য হচ্ছি।’
ট্রাকচালক আলমগীর হোসেন, মো. আলম, শাহ আলম, বাসচালক মানিক কুমার দে, পিকআপ চালক রতন ত্রিপুরা, উশিমং মারমা, জুলমত আলী, সিএনজিচালিত অটোরিকশার চালক হেমন্ত চাকমা, আব্দুল মজিদ, মোটরসাইকেলের চালক আবদুল হাই বলেন, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সড়কের বাঁকগুলো জঙ্গলে ভরে যাওয়ায় সামনের যানবাহন দেখা যায় না। সতর্কতার সঙ্গে গাড়ি চালিয়েও অনেক সময় যানবাহন মুখোমুখি হয়ে যায়। সড়কের বাঁকগুলোর জঙ্গল পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন প্রথম আলোকে বলেন, ২৭ জুলাই সেনাবাহিনীর ১৯ ইসিবি সড়কটি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা সড়কটি রক্ষণাবেক্ষণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে সড়কের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।