২১ থেকে ২৭ জানুয়ারি শিশু চলচ্চিত্র উৎসব
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে ঢাকা ও চট্টগ্রামে একই সঙ্গে ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চট্টগ্রামে উৎসব উদ্বোধন হবে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে বিকেল পাঁচটায়। কেন্দ্রীয়ভাবে এই উৎসবের আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ। চট্টগ্রামে এই উৎসবের আয়োজক চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সহযোগী সংগঠন চিলড্রেন ফিল্ম সোসাইটি । এতে ২৫টি দেশের ৬০টি ছবি প্রদর্শিত হবে। চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজ, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম, ফুলকি, হলি ফ্যামিলি টিউটোরিয়াল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, চট্টগ্রাম বন্দর দুর্বার স্কাউট ময়দান এবং পোর্টকলোনি সবুজসংঘ মাঠ—এই সাতটি ভেন্যুতে উৎসবের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের সেমিনার অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি বিকেল চারটায় টিআইসিতে। সেমিনারের বিষয় ডিজিটাল প্রযুক্তি এবং শিশুদের নির্মিত চলচ্চিত্র। প্রবন্ধ পাঠ করবেন মিজানুর রহমান। উৎসব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।