অপর্যাপ্ত চিকিৎসক, সেবিকা, জনবল, রোগ নির্ণয়ের সরঞ্জামসহ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে চলছে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা। ফলে রোগীরা প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসাসেবা দিয়ে চিকিৎসকেরাও সন্তুষ্ট নন। স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ের সহকারী মো. ইছমাইল হোসেন জানান, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা ও কনসালট্যান্টের ২১টি পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন মাত্র নয়জন। ১০টি পদের মধ্যে আটটিই শূন্য। গাইনি ও শিশুরোগ বিশেষজ্ঞ কর্মরত থাকলেও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় এখন অস্ত্রোপচার করা যাচ্ছে না। এক বছর ধরে এভাবেই চলছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহাব উদ্দিন জানান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, ২০০৯ সালের ১৩ জুন আনুষ্ঠানিকভাবে ৩১ শয্যার এই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু কোনো সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। ১৫ জন জ্যেষ্ঠ সেবিকার মধ্যে বর্তমানে কর্মরত আছেন নয়জন। তাঁদের মধ্যে দু-একজন মাঝেমধ্যে ছুটিতে থাকলে দুর্ভোগে পড়েন রোগীরা। আয়েশা আক্তার নামের একজন রোগী অভিযোগ করে বলেন, তিনি গত ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক এক দিন আসার পর আর আসেননি। মাঝেমধ্যে চিকিৎসক হাবিবুল করিম এসে দেখে যান। তিনি জানান, চিকিৎসক দূরে থাক, সেবিকাদের সাহায্য চাইলে ধমক শুনতে হয়।হাসপাতালে পাঁচজন পরিচ্ছন্নকর্মীর বিপরীতে মাত্র একজন কর্মরত রয়েছেন। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকতে পারেন না। ফলে হাসপাতাল, শৌচাগারসহ বিভিন্ন স্থান পরিষ্কার করার মতো কোনো লোক নেই। তাই হাসপাতালের বিছানায় দুর্গন্ধে রোগীরা থাকতে পারেন না বলে অনেক রোগীর অভিযোগ। জুলফিকার আলি নামের একজন নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান, শৌচাগারের দুর্গন্ধে বিছানায় থাকা যায় না। তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৬৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন শুধু ১৮ জন। চতুর্থ শ্রেণীর কর্মচারীর ২৫টি পদের মধ্যে কর্মরত আছেন ১৬ জন।নির্ধারিত বিছানার বাইরেও প্রতিদিন গড়ে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি রোগী হাসপাতালে চিকিৎসার জন্য অন্তর্বিভাগে ভর্তি হন। অথচ তাঁদের চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন প্রায় চার-পাঁচ শ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু সেই অনুযায়ী চিকিৎসক না থাকায় রোগীদের প্রায় ৩৫ কিলোমিটার দূরে ফেনীতে গিয়ে চিকিৎসা করতে হয়। যা অনেকের জন্য খুবই কষ্টকর ও ব্যয়বহুল। পরশুরাম নাগরিক কমিটির সভাপতি আবুল খায়ের খন্দকার জানান, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিই রুগ্ণ হয়ে গেছে চিকিৎসক, সেবিকা ও যন্ত্রপাতির অভাবে। দুজন চিকিৎসক হাবিবুল করিম ও নাছির উদ্দিন এখন হাসপাতালটি কোনো রকমে বাঁচিয়ে রেখেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) হাবিবুল করিম জানান, ‘হাসপাতালে প্রায় সময় সবমিলিয়ে চার-পাঁচ শ রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন। তা ছাড়া গড়ে প্রায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়।’পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহাব উদ্দিন জানান, ‘হাসপাতালে চিকিৎসকের শূন্য পদ পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত আবেদন দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।’