২১ ফেব্রুয়ারি বাওয়া স্কুল মাঠে ‘বর্ণমেলা’
২১ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুল মাঠ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘বর্ণমেলা’। মেলায় আমাদের বর্ণমালা, ভাষা, ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। সকাল নয়টায় রক্তকরবীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও ভাষার গান দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এ ছাড়া দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা উপাদানে বর্ণ তৈরি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বর্ণের হাতেখড়ি, সাংস্কৃতিক আয়োজন, পাপেট শো, নাটুয়ার নাটক এবং জাদু প্রদর্শনী। সাংস্কৃতিক আয়োজনে থাকবে উদীচী, প্রমা ও অভ্যুদয়ের পরিবেশনা। মেলায় অতিথি থাকবেন বেগম মুশতারী শফী, আবুল মনসুর, অলক রায়, কে এম এ কাইয়ুম, ফয়েজুল আজিম, ঢালী আল মামুন, আহমেদ নেওয়াজ, সৌমেন দাশ, মহীবুল আজিজ, নাসিমা মাসুদ, মোহাম্মদ জসিম উদ্দিন, জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, তাসাদ্দুক হোসেন, মনজুর আহমদ ও আবুল মোমেন।উল্লেখ্য, প্রথম আলোর পক্ষ থেকে শিশুকিশোরদের জন্য চট্টগ্রামে এই আয়োজন প্রথমবারের মতো হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে মেলা। মেলা আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম বন্ধুসভা।