২২ কেন্দ্রে ফলাফল পাল্টানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে অভিযোগের ছড়াছড়ি। কেন্দ্রে ফলাফল পাল্টানোর লিখিত অভিযোগ দিয়েছেন সদস্য পদের ২২ জন প্রার্থী। তাঁরা সবাই পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। ২২ মার্চ এই ছয় ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ছয় ইউপি নির্বাচনে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ২২ কেন্দ্রে ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টানোর অভিযোগ উঠেছে। এসব কেন্দ্রের ভোট পুনরায় গণনার জন্য ২২ জন ইউপি সদস্য প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
মাতারবাড়ীর ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কুদ্দুস মাহমুদ বলেন, ‘মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসা কেন্দ্রে আমি ৭১৫ ভোট পেয়েছি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৬৭০ ভোট। এতে ৪৫ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হওয়ার কথা। কিন্তু টাকার বিনিময়ে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ফল পাল্টে দিয়েছেন।’
একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কালা মিয়া বলেন, ‘ভোট কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করেছে। পুনরায় ভোট গণনা করা হলে আমি বিজয়ী হব।’ তাঁর ভোটকেন্দ্র ছিল মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা।
ফলাফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম ও মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের আমান উল্লাহ বলেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ভোট কারচুপি করে ফলাফল পাল্টানোর প্রশ্নই ওঠে না।’
বড় মহেশখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মমতাজ আহমদ বলেন, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে। একই অভিযোগ করেন হোয়ানক ইউপির নারী সদস্য প্রার্থী আজবাহার বেগম ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মোহাম্মদ ছুপি।
বড় মহেশখালী ও হোয়ানক ইউপি নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রিয়াদুল কুদ্দুস বলেন, ‘পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে অনেক ইউপি সদস্য প্রার্থী আমার কাছে আবেদন করেছেন। কিন্তু ভোট পুনরায় গণনার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না।’
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, ‘এখানে অনেকেই আবেদন করেছেন। কিন্তু আমাদের কিছুই করার নেই। তাই প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’