২২ ডিসেম্বর থেকে প্রথম আলো জবসের যুব উন্নয়ন কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম কর্মসংস্থানবিষয়ক ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ২২ ডিসেম্বর থেকে চট্টগ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুব উন্নয়নবিষয়ক কর্মশালার আয়োজন করেছে। এতে সহযোগিতায় রয়েছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি এবং বিবিসি জানালা (বিবিসি ওয়ার্ল্ড)। কর্মশালায় ইংরেজিতে যোগাযোগ, নেতৃত্ব বিকাশ ও উপস্থাপন দক্ষতার ওপর ধারণা দেওয়া হবে। এ ব্যাপারে প্রথম আলো জবসের ব্যবসা উন্নয়ন কর্মকর্তা ফাহিমুল মাওলা জানান, ‘আমরা এ কর্মশালার মাধ্যমে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করছি। যাতে প্রতিযোগিতামূলক কাজের বাজারে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।’ ২২ ডিসেম্বর নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ, ২৬ ডিসেম্বর সাদার্ন বিশ্ববিদ্যালয় ও ২৭ ডিসেম্বর ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে থাকবে প্রথম আলো জবসের আয়োজনে দলগত আলোচনা এবং বিবিসি জানালার তত্ত্বাবধানে ইংরেজি শেখার অনুষ্ঠান। এ ছাড়া অনুষ্ঠান শুরুর আগের দিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে মুঠোফোন প্রতিষ্ঠান রবি ও প্রথম আলো জবসের বুথে জীবন-বৃত্তান্ত এবং ফোরাম ফর ইয়থ লিডারশিপের (এফওয়াইএল) সদস্য সংগ্রহ করা হবে। কর্মশালা সম্পর্কে আরও তথ্য জানা যাবে প্রথম আলো জবসের ওয়েবসাইট (www.prothom-alojobs.com) থেকে। নিজাম সিদ্দিকী