২২ দিনের নৌযুদ্ধে জয়ী ইস্টল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের বিবদমান সমুদ্র সীমানা নিয়ে সংঘাতের শঙ্কা। এই শঙ্কা থেকে জাহাজ ও যুদ্ধাস্ত্র সচল করার প্রস্তুতি নিতে শুরু করে দুই দেশই। একে অপরের সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাঘাত করার চেষ্টা চালিয়ে যায়। এই চেষ্টার মধ্যে চলছে বিরোধ নিরসনে দুই দেশের কূটনৈতিক তর‌্যাপরতা। কিন্তু আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়ে যায়।দাবি আদায়ে ‘ওয়েস্টল্যান্ড’ ‘ইস্টল্যান্ডের’ একটি তেলকূপ ও একটি ছোট দ্বীপ দখলের চেষ্টা চালায়। কিন্তু ইস্টল্যান্ডের নৌবাহিনীর সমুচিত আঘাতে ব্যর্থ হয় এই চেষ্টা। এবার ইস্টল্যান্ড নৌবাহিনী ঝাঁপিয়ে পড়ে ‘ওয়েস্টল্যান্ড’ নৌবাহিনীর ওপর। আধুনিক ‘সি-৭০৪’ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাতের সূচনা শুরু। ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমানবিধ্বংসী গোলা ও সাবমেরিনবিধ্বংসী গোলায় অর্থার‌্যা ত্রিমাত্রিক আঘাতে ধ্বংস হয় ওয়েস্টল্যান্ডের ঔদ্ধত্য। টানা ২২ দিনের এই লড়াইয়ে জয়ী হয় ইস্টল্যান্ড।বানৌজা বঙ্গবন্ধুতে অবস্থানরত ইস্টল্যান্ডের পক্ষের নাবিকেরা মুহুর্মুহু করতালিতে বিজয়োল্লাস প্রকাশ করেন। শেষদিনে ইস্টল্যান্ডের এই জয় স্বচক্ষে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদসহ অনেকে। তাঁরা ছিলেন বানৌজা বঙ্গবন্ধু জাহাজে। বাস্তবে ক্ষেপণাস্ত্রসহ এসব অস্ত্র ব্যবহার হলেও এই যুদ্ধ ছিল নিছক অনুশীলন। নৌবাহিনী সূত্র জানায়, নৌবাহিনীর সদস্যদের দুটি দলে ভাগ করে এই অনুশীলন হয় চট্টগ্রামের নেভাল ঘাঁটি থেকে ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। নৌবাহিনীর ৩২টি জাহাজ দুই ভাগ হয়ে যোগ দেয় প্রতীকী দুই দেশের পক্ষে। অনুশীলন হলেও এই যুদ্ধে ব্যবহূত হয় নৌবাহিনীর বহরে সদ্য যুক্ত হওয়া আধুনিক সমরাস্ত্র। চীন থেকে কেনা ‘সি-৭০৪’, সাবমেরিন ধ্বংস করার গোলা ‘আরডিসি’, আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানার গোলা ‘শোল্ডার লঞ্চড’—কিছুই বাদ যায়নি এ অনুশীলনে। ইস্টল্যান্ডের বহরে থাকা বানৌজা দুর্জয়, বানৌজা নির্ভয় এবং বানৌজা বঙ্গবন্ধু থেকে নিক্ষেপ করা এসব আক্রমণ ছিল নিখুঁত। ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১২’ নামে বার্ষিক এই মহড়া শুরু হয় গত ২৪ জানুয়ারি। চার পর্বের এই প্রতীকী যুদ্ধের আধুনিক সব অস্ত্র ব্যবহার হয় শেষ দিন অর্থার‌্যা গত মঙ্গলবার। বানৌজা বঙ্গবন্ধু জাহাজ থেকে মঙ্গলবার দুপুরে শুরু হয় ওয়েস্টল্যান্ডের স্থাপনার ওপর আক্রমণ। নৌবাহিনীর জাহাজ দুর্ধর্ষ থেকে ‘সি-৭০৪’ নামের আধুনিক ক্ষেপণাস্ত্র বিকট শব্দে আঘাত হাতে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থানরত ওয়েস্টল্যান্ডের একটি নকল জাহাজে। কিছুক্ষণ পরই খবর আসে নকল জাহাজটি দুই ভাগ হয়ে ডুবে গেছে। শুরু হয় বিজয়োল্লাস। এভাবে চলতে থাকে একের পর এক আক্রমণ। নিশ্চিহ্ন হয় প্রতিপক্ষের প্রতিরোধ। এবারের মহড়ায় যুদ্ধাস্ত্র ব্যবহার ছাড়াও নৌবহরের বিভিন্ন কলাকৌশল, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন এবং উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ-স্থাপনাগুলোর প্রতিরক্ষা মহড়া হয়েছে।নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সি-৭০৪ ক্ষেপণাস্ত্রটি এখন নৌবাহিনীতে সংযোজনের কাজ চলছে। এই মহড়ার মাধ্যমে এসব অস্ত্রের ব্যবহার উপযোগিতা পরীক্ষা করে দেখা হয়েছে। মহড়ায় সেনাবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ছাড়াও সমুদ্র ব্যবহারকারী অন্তত ১৭টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।নৌবাহিনী সূত্র জানায়, মহড়ার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথে চোরাচালানরোধ, জলদস্যুতা দমন এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ।