২২ বছর পর পটিয়ার পৌরভবন নির্মাণকাজ শুরু
প্রতিষ্ঠার ২২ বছর পর পটিয়া পৌরসভার নিজস্ব ভূমির ওপর পৌরভবন নির্মাণকাজ শুরু হয়েছে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অর্থায়নে দুই কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে দোতলাবিশিষ্ট এ ভবন নির্মাণ করা হবে। আগামী বছর জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২ ডিসেম্বর দুপুরে সাংসদ সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে পটিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কিন্তু পৌরসভার নিজস্ব কোনো ভূমি ছিল না। ফলে ২২ বছর ধরে পৌরসভার কাজ চলছিল সাবেক মহকুমা ভবনসংলগ্ন পুলিশ ব্যারাকের সংকীর্ণ কয়েকটি কক্ষে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি সরকারের মেয়াদের শেষ দিকে দরপত্র আহ্বান করা হলেও ভূমি জটিলতার কারণে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। মেয়র হারুনর রশিদ বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার হিসেবে আমি বর্তমান অস্থায়ী পৌর কার্যালয়ের পাশে ভূমি মন্ত্রণালয় থেকে ৫০ শতক গণ্ডা ভূমি পটিয়া পৌরসভার নামে চিরস্থায়ী বন্দোবস্তি নেওয়ার উদ্যোগ নিই। এ ব্যাপারে স্থানীয় সাংসদসহ প্রশাসনের সহযোগিতা পাওয়ায় ভবন নির্মাণকাজ শুরু করা সম্ভব হলো।’