ফেনীর সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে ২৩ এপ্রিল পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।১৭ এপ্রিল সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুর উল্লাহ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করেন। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা এক হাজার ৮২৪।প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি সোনাগাজী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নয়টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্রের মধ্যে আটটি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ আট কেন্দ্রে বিএনপি-সমর্থিত জামাল উদ্দিন পেয়েছেন দুই হাজার ৭২ ভোট এবং আওয়ামী লীগ-সমর্থিত রফিকুল ইসলাম পেয়েছেন এক হাজার ৬০৩ ভোট।একজন কাউন্সিলর প্রার্থী জানান, ওই দিন ৫ নম্বর এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রেও নির্বাচন শেষে ভোট গণনা করে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু মেয়র পদের ভোট গণনাকালে বেশ কিছু ব্যালট পেপার কম পাওয়া যায়। এ নিয়ে বিপত্তি দেখা দেওয়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়। নির্বাচন কমিশন এ বিষয়ে দুটি তদন্তের ব্যবস্থা করে। সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছয়জন—বিএনপি-সমর্থিত জামাল উদ্দিন, আওয়ামী লীগ-সমর্থিত রফিকুল ইসলাম, জামায়াতে ইসলাম-সমর্থিত মাওলানা মোহাম্মদ হোসাইন, বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ আলম ভূঞা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর আলম ও স্বতন্ত্র প্রার্থী আবু নাছের। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ২ নম্বর মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন—বিবিয়া খাতুন, মনোয়ারা বেগম, দিল আফরোজ ও সাফিয়া বেগম এবং ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন—নূর নবী, সিরাজুল হক, আলী আহম্মদ, নজরুল ইসলাম ও আমিনুল হক চৌধুরী। সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।