স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে মহেশখালীর প্রত্যন্ত গ্রামের নারীদের সচেতন করতে উঠান বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার পাঁচ নারী স্বাস্থ্যকর্মী এই উঠান বৈঠক পরিচালনা করেন।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ২৩টি গ্রামের নারীদের নিয়ে এই উঠান বৈঠক চলছে। পাঁচ স্বাস্থ্যকর্মী এক হাজার নারী ও ৬০০ শিশুকে নিয়ে এই বৈঠক করছেন। বৈঠকে পরিচ্ছন্নতা, নিরাপদ মাতৃত্ব, জন্মনিয়ন্ত্রণ এসব বিষয়ে আলোচনা করা হয়। ২০০৫ সাল থেকে এই কার্যক্রম চলছে। পাঁচ নারী স্বাস্থ্যকর্মীকে আর্থিক সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি। প্রতি গ্রামে মাসে দুবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গ্রামের নারীদের স্বাস্থ্যশিক্ষা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে নারী ও শিশুদের সচেতন করা হয়।
উপজেলার সাইরার ডেইল, মগডেইল, নয়াপাড়া, হংশমিয়াজিরপাড়া, তিতামাঝিরপাড়া, সিকদারপাড়া, রাজঘাট, লাইল্যঘোনা, মনহাজিরপাড়াসহ ২৩ গ্রামে উঠান বৈঠক চলছে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, ষাইটপাড়ায় মোহাম্মদ এনামের বাড়ির সামনে নারীদের নিয়ে উঠান বৈঠক করছেন স্বাস্থ্যকর্মী ফাতেমা জোহরা। বৈঠকে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে নারীদের ধারণা দিচ্ছিলেন তিনি।
ষাইটপাড়া এলাকার বাসিন্দা দিলরুবা বেগম বলেন, ‘উঠান বৈঠক থেকে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা নিয়েছি। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিষয়ে ধারণা পাওয়ায় উপকার হয়েছে। সংসারও ছোট রাখতে পারছি।’
স্বাস্থ্যকর্মী ফাতেমা জোহরা জানান, দিনে ৩০টি পরিবারকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করছেন তাঁরা। আর মাসে একবার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বেসরকারি সংস্থা বাংলা জার্মান সম্প্র্রীতির সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহিম বলেন, নারীদের স্বাস্থ্যসচেতন করতে এই প্রকল্প চলছে। এ পর্যন্ত ছয় হাজার নারী ও তিন হাজার শিশু এই সেবা পেয়েছে।