২২ বছর পার করে ২৩ বছরে পা দিল প্রমা আবৃত্তি সংগঠন। ২৯ নভেম্বর প্রমার জন্মদিন উপলক্ষে জমজমাট আসর বসেছিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে। শোভাযাত্রা, কেক কাটা, আবৃত্তি আর কথামালার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন চট্টগ্রামের শিল্পরসিক লোকজন। ঢোলবাদন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় জন্মদিনের আনন্দ অনুষ্ঠান। ২২ বছরের পথ চলার পরিক্রমায় প্রমার সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের অনেকেই যোগ দিয়েছেন অনুষ্ঠানে। শুরুতে ঢাকার আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রমার সভাপতি রাশেদ হাসান স্বাগত বক্তব্য দেওয়ার পর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই সংগঠনের শিশু বিভাগের শিল্পীরা বৃন্দ আবৃত্তি শুনিয়ে মুগ্ধ করে দর্শকদের। এরপর অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অরুণ দাশ গুপ্ত, আবুল মোমেন, ফাহমিদা আমিন, বেগম মুশতারী শফি, রীতা দত্ত, মাহফুজুর রহমান, শাহ আলম, হোসাইন কবীর, খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, শান্তনু বিশ্বাস, আহমেদ নেওয়াজ ও সুব্রত বড়ুয়া প্রমুখ। গান, কবিতাপাঠ ও কথামালার ফাঁকে প্রদীপ প্রজ্জ্বালন করেন অতিথিরা। মুক্তিযুদ্ধের স্মৃতি পাঠ করেন নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস।