২৩টি সংযোগ নিয়ে ডিজিটাল এক্সচেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ম্যাগনেটো টেলিফোন এক্সচেঞ্জটি দীর্ঘ ২৮ বছর পর ডিজিটাল এক্সচেঞ্জে রূপান্তরিত করা হলেও গ্রাহকেরা এখনো চাহিদা অনুযায়ী সংযোগ পাচ্ছেন না। আড়াই শ টেলিফোন সংযোগের ক্ষমতাসম্পন্ন ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি গত ২১ মে চালু হলেও সংযোগ দেওয়া হয়েছে মাত্র ২৩টি।দীঘিনালা টেলিফোন একচেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যাপ্ত তার (কেব্ল) না থাকার কারণে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে দীঘিনালার টেলিফোন একচেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) প্রদীপ বড়ুয়া বলেন, এ পর্যন্ত প্রায় দেড় শ জন টেলিফোনের জন্য মৌখিকভাবে আবেদন করেছেন। কেব্ল না থাকায় এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) এই এক্সচেঞ্জে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী থাকলেও সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। বর্তমানে যে ২৩টি সংযোগ চালু আছে সেগুলোতে ফোনকল (ইনকামিং) আসে না। তবে বাইরে (আউটগোয়িং) ফোন করা যায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিত চাকমা অভিযোগ করেন, ‘ডিজিটাল টেলিফোন নিয়ে এখন সমস্যায় পড়েছি। ফোন থেকে আউটগোয়িং কল হয় কিন্তু ইনকামিং কল আসে না। টেলিফোন এক্সচেঞ্জকে বিষয়টি জানিয়েছি কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।’ এ ব্যাপারে টেলিফোন এক্সচেঞ্জ কর্মকর্তা জানান, ঠিকমতো কেব্ল স্থাপন করা যায়নি বলে এমন সমস্যা হচ্ছে। বোয়ালখালী নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, ‘টেলিফোন এক্সচেঞ্জে অনেকবার যোগাযোগ করেও আমরা ডিজিটালসংযোগ পাচ্ছি না। সংযোগ পেলে আমাদের ব্যবসা বাড়ত।’