২৩০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিট ও দেশি পণ্য পরিবহনের বাড়তি চাহিদা ঘিরে গত কয়েক বছরে দুই হাজার ৩০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ ২৩টি প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ। এসব প্রকল্পের মধ্যে ক্যাপিটাল ড্রেজিং ও কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে আগামী মাসে। কিন্তু অন্য প্রকল্পগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া চলছে ঢিমেতালে।বন্দর কর্মকর্তারা জানান, ১২৫ বছরে পদার্পণের মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সবচেয়ে বেশি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত বেশি প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হয়নি। আগের প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় মূলত প্রকল্পের জট তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের পণ্য পরিবহন ও দেশি পণ্য পরিবহনের বাড়তি হার মোকাবিলায় এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন অনিবার্য হয়ে উঠছে বলে মনে করেন বন্দর বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, ব্রিটিশ আমলে ১৮৮৭ সালের ২৫ এপ্রিল পোর্ট কমিশনারস অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় এ বন্দর। পরের বছর একই সময়ে এ আইনের অধীনে বন্দরের কার্যক্রম শুরু হয়। প্রাতিষ্ঠানিক ভিত্তি পাওয়ার সময় থেকে আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দর সোয়া শতাব্দীতে (১২৫ বছরে) পা দিচ্ছে। প্রতিবেশী দেশের পণ্য পরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় এ সময়ে বন্দরের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়ছে।জানা গেছে, বন্দরের সবচেয়ে বড় প্রকল্প নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার এখনো মূল দরপত্র আহ্বান করা হয়নি। দুই দফায় এ টার্মিনাল পরিচালনায় প্রাক যোগ্য প্রতিষ্ঠান যাচাই-বাছাই করা হয়েছে। টার্মিনালের দুটি জেটি দরপত্র ছাড়াই বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক পরিচালনা করছে। বেসরকারি অপারেটরদের হাতে এ টার্মিনাল পরিচালনা শুরু হলে বছরে অন্তত ১০ লাখ ইউনিট কনটেইনার ওঠানামা করানো সম্ভব হবে। ফলে বাড়তি কনটেইনারের ওঠানামা সহজেই সামাল দিতে পারবে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু যেভাবে ঢিমেতালে এ টার্মিনাল পরিচালনার প্রক্রিয়া চলছে তাতে খুব শিগগিরই এটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। বন্দরের তিনটি জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রায় ৮২০ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে এ টার্মিনাল নির্মাণ করা হলে বন্দরে কনটেইনার ওঠানামার হার বাড়বে।নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি বন্দর কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দরপত্র শিগগিরই আহ্বান করা হবে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার নির্মাণ, ক্যাপিটাল ড্রেজিংসহ বড় প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজ চলছে বলে তিনি জানান।জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহন প্রত্যাশার চেয়ে বেশি হারে বাড়ছে। গত বছর বন্দর দিয়ে পণ্য পরিবহনের হার এর আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেড়েছে। কনটেইনার পরিবহনের হার বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। যে হারে পণ্য পরিবহন বাড়ছে তাতে নতুন প্রকল্প বাস্তবায়ন না হলে বন্দরের পরিচালন কর্মকান্ডে ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, বন্দরের ভাসমান ক্রেন সংগ্রহ, এক্স ও ওয়াই শেড এলাকায় নতুন ইয়ার্ড নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প ও কর্মসূচির প্রক্রিয়াগত কাজ শেষ হয়নি এখনো। এ ছাড়া বন্দর ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিবেশ প্রকল্পের যন্ত্রপাতি ও জাহাজ সংগ্রহ হলেও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এ প্রকল্প। নীতিমালা না হওয়ায় ও জনবল নিয়োগ না দেওয়ায় এ প্রকল্প চালু হয়নি বলে জানা গেছে।