
গত বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন অংশ। উপজেলার হ্নীলা থেকে থাইংখালী পর্যন্ত সড়কের ২৪ কিলোমিটার এলাকায় পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক ফুলে উঠে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সড়কে ইট-বালু ফেলে কোনোমতে খানাখন্দ ভরাটের চেষ্টা হলেও তা স্থায়ী হচ্ছে না। দু-তিন দিনের মধ্যেই আগের রূপে ফিরে যাচ্ছে সড়ক। দ্রুত খানাখন্দ মেরামত করা না হলে ঈদে ঘরমুখী মানুষ ও পর্যটকদের দুর্ভোগ বাড়বে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের মার্চ মাসে টেকনাফ থেকে থাইংখালী পর্যন্ত ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেয় যোগাযোগ মন্ত্রণালয়। ২১ কোটি টাকার ব্যয়ের এই সংস্কারকাজ পায় মেসার্স প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। এক বছরের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর শেষে মাত্র ১৯ কিলোমিটার সড়ক সংস্কার হয়। এরপর কার্যাদেশটি বাতিল হয়ে যায়।
১৫ সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে দেখা গেছে, উপজেলার হ্নীলা, মৌলভীবাজার, নয়াবাজার, মিনাবাজার, কানজুরপাড়া, হোয়াইক্যং, উলুবনিয়া, পালংখালী ও থাইংখালী এলাকায় সড়কের পিচঢালাই উঠে গেছে। কোথাও সড়ক ফুলে গেছে। সড়কের গর্তে জমে আছে বৃষ্টির পানি। এতে যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট।
ওই সড়কের কয়েকজন গাড়িচালক বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এই দশা হয়েছে। খারাপ রাস্তা দিয়ে চলাচলের কারণে অধিকাংশ যানবাহনের ক্ষতি হচ্ছে।
টেকনাফ ডিগ্রি কলেজের স্নাতক (পাস কোর্স) প্রথম বর্ষের শিক্ষার্থী সেলিনা আক্তার বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। তাই প্রতিদিন ঝুঁকি নিয়েই বহু কষ্টে হ্নীলা স্টেশন এলাকা পার হতে হয়। অধিকাংশ সময় সড়কের মাঝখানের গর্তে যানবাহন আটক পড়ে। ভোগান্তি তখন আরও বাড়ে। হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কক্সবাজার সফরকালে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের সড়কের বেহাল অবস্থা দ্রুত মেরামত করতে নির্দেশ দেন। এরপর সড়কের ইট বালু ফেলার কয়েকদিন যেতে না যেতেই তা আগের রূপ নেয়। এখনই দ্রুত সড়ক মেরামত না করলে ঈদ পরবর্তী পযর্টন মৌসুমে স্থানীয় বাসিন্দা ও দেশি-বিদেশি পযর্টকদের দুভোর্গ বাড়বে।
সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের প্রধান নিবার্হী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, ঈদকে সামনে রেখে দুই-দিনের মধ্যে সড়কের ২৪ কিলোমিটার এলাকা ইট ও বালু ফেলে ভরাট করা হবে।
তিনি আরও জানান, সড়ক সংস্কার করার জন্য ১১ কোটি টাকার একটি দরপত্র আহ্বান করা হয়েছে। ঢাকার মের্সাস রানা বির্ল্ডাস নামে একটি প্রতিষ্ঠান কাজটি বরাদ্দ পায়।