২৪ ঘণ্টা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনটা আমার ভীষণ খারাপ। জেগে আছি অনেক রাত।আমার কোয়ার্টারের পাশেই হাসপাতাল। দূরে যেতে যেতে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ মিলিয়ে গেছে একটু আগে।ঈদে বাড়িফেরা যাত্রী নিয়ে একটা বাস অ্যাকসিডেন্ট করেছে। ১৬ কিলোমিটার দূরে চান্দাই কোনাবাজারের কাছে। থানার ওসি এসে অ্যাম্বুলেন্স নিয়ে গেল। ড্রাইভার মোমিনের মনটা খুব খারাপ হয়েছে। আহত ব্যক্তিদের নিয়ে এ-হাসপাতাল ও-হাসপাতাল করতে করতে সারা রাত কেটে যাবে ওর।সন্ধ্যায় ফোনে কথা হয়েছে স্ত্রী-সন্তানদের সঙ্গে। সবার মন খারাপ। বিশেষ করে, আমার দুই ছেলের। আরও একটা ঈদ কেটে যাবে আলাদা, এই দূর বিজনে।কখন ঘুমিয়ে পড়েছিলাম, জানি না।সকালে ডা. কাউছার ঘুম ভাঙাল।কাউছার আমার বন্ধু। একসঙ্গেই আমাদের পোস্টিং হয়েছিল। এই ঈদে আমরা দুজন রয়ে গেছি। অন্যদের ছুটি। দ্রুত তৈরি হয়ে আমি চলে এলাম জরুরি বিভাগে। ও গোসল করে নামাজে যাবে। শেষ মুহূর্তে সমস্যা না থাকলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিমল বাবুকে রেখে আমি নামাজ পড়ে আসব। ঈদের নামাজের ঠিক ১৫ মিনিট আগে হইচই করতে করতে একদল লোক ভ্যানে করে এক রোগী নিয়ে হাজির। কিশোরী এক মেয়ে। মুখ দিয়ে লালা ঝরছে। সবাই একসঙ্গে জরুরি বিভাগে ঢুকল।‘বিষ খাইছে, বিষ!’রোগীকে শোয়ানো হলো ট্রলিতে।বিমল বাবু পাকস্থলী ওয়াশ করার টিউব বের করলেন। দোতলা থেকে সিস্টার নেমে এল।আমি কাজ শুরু করলাম।সিস্টার হাসল: ঈদটা মাটি হলো।‘কী করব বলেন! এরই নাম ডিউটি।’‘কজন করে স্যার।’ বিমল বাবু বলেন, ‘এখন তিনজন আছি আর কেউ নেই।’‘কথা রাইখা কাজ করেন, ভাই।’ এক লোক বলে।আমি চোখ তুলে তাকাতেই লোকটা রুম থেকে বেরিয়ে গেল। যমে মানুষে টানাটানি চলল অনেকক্ষণ। রুম ভরে গেল বিষের গন্ধে। ধানখেতের বিষ। ঘণ্টা খানেক লাগল সব সামাল দিতে। রোগী চোখ মেলে তাকাল। জিজ্ঞেস করলাম, ‘বিষ খেলেন কেন?’উত্তর নেই। বেশির ভাগ রোগীর মতো এ-ও জানে না আসলেই সে মরতে চেয়েছিল কি না।কাউছার দরজায় দাঁড়িয়ে বলল, ‘ঈদ মোবারক।’আমি এগিয়ে গেলাম কোলাকুলি করতে।সঙ্গে সঙ্গে দুই পা পিছিয়ে গেল ও। ‘তোর গায়ে বিষের গন্ধ।’একটু পরই মোমিন ফিরে এল অ্যাম্বুলেন্স নিয়ে!‘স্যার খুব খারাপ অবস্থা।’ মোমিন ক্লিষ্ট হাসে, ‘৫২ লিটার তেল লাগছে। কেউ টাকা দেয় না। শেষে নিজের পকেট থেকে...’‘টাকার ব্যবস্থা হবে। চিন্তা কইরেন না।’ আমি বলি। মোমিন চলে যায়।আমরা দুজন বসে থাকি জরুরি বিভাগে।প্রেসক্লাবের সভাপতি মেহের ভাই আসেন। ‘ঈদ মোবারক, ভাই। আজ আমার বাসায় দাওয়াত।’‘আমারে সুযোগ দিয়েন।’ দরজায় দাঁড়ানো সদর চেয়ারম্যান।সেলিম ভাই, মিলন ভাইসহ স্থানীয় নেতারা আসেন।‘আমাদের চিকিৎসার জন্য আপনারা রয়ে গেছেন। এই ভালোবাসার মূল্য আমরা কীভাবে দেব!’ উপজেলা চেয়ারম্যান বলেন, ‘আসেন বুক মিলাই।’সবার ভালোবাসায় সিক্ত হতে হতে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার একটা অন্য রকম আনন্দ আছে। মো. জহিরুল হকমনেশ্বর রোড, হাজারীবাগ, ঢাকা।