২৪ ঘণ্টায় বিদ্যুৎ সর্বোচ্চ পাঁচ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। গত সাত দিনে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে মাত্র এক থেকে পাঁচ ঘণ্টা। ফলে গ্রাহকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঞ্চালন লাইনের অধীনে এখানে গ্রাহকসংখ্যা সাড়ে তিন হাজার।
উপজেলা আবাসিক প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের সরবরাহব্যবস্থায় ঘাটতি শুরু হয়েছে মার্চের শেষ দিক থেকে, যা ১৬ এপ্রিল থেকে প্রকট আকার ধারণ করে। ওই দিন ২১ ঘণ্টাই বিদ্যুহ সরবরাহ বন্ধ রাখা হয়। পরদিন পাওয়া যায় মাত্র পাঁচ ঘণ্টা। ১৮ এপ্রিল আবার সারা দিন বিদ্যুৎ বন্ধ, রাতে ছিল মাত্র দুই ঘণ্টা। এরপর ১৯ ও ২০ এপ্রিল দুই দিনে মাত্র আট ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হয়। ২১ এপ্রিল পাওয়া যায় মাত্র তিন ঘণ্টা। ২২ এপ্রিল বিদ্যুতের দেখা মেলে পাঁচ ঘণ্টা।
বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা ক্ষোভে ফুঁসছেন। ইতিমধ্যে ১ এপ্রিল বিদ্যুতের দাবিতে শত শত গ্রাহক বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে উত্তেজিত গ্রাহকেরা আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও করেন। পরে কার্যালয়ের ফটক ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।
গত বুধবার উপজেলা সদরে বাঘাইছড়ি বাজারে গিয়ে দেখা যায়, জেনারেটরের মাধ্যমে নিজেদের উদ্যোগে বিদ্যুৎ ব্যবস্থা চালু রেখেছেন ব্যবসায়ীরা। তঁারা জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেনারেটর চালানো হয়।
উপজেলার চৌমুহনী বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য গত বছর বাঘাইছড়ি উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে একটি সাব স্টেশন স্থাপন করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এটি চালু করা হয়েছে। অথচ এটি কোনো কাজে আসছে না। বিভিন্ন ত্রুটির কারণে প্রায় সময় বন্ধ রাখা হয়। আর বিদ্যুৎ পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
চালকল মালিক মো. নাজিম উদ্দিন বলেন, এপ্রিল মাসের শুরুতে বাঘাইছড়ি উপজেলা বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়েছে। বিদ্যুৎ–নির্ভর সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রয় হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরেই কল বন্ধ রাখতে হয়েছে।
উপজেলা সদরের কম্পিউটার দোকানের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেন বলেন, উপজেলা সদরের ১৫ থেকে ২০টি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র ও দোকানে মালিক বেকার সময় কাটাচ্ছেন। বন্ধ হয়ে গেছে তাঁদের আয়–েরাজগার।
সরেজমিনে গত বৃস্পতিবার ৩১ শয্যার উপজেলা স্বাস্থকেন্দ্রে দেখা গেছে, রোগী ভর্তি আছে ২০ জন। বেশির ভাগই ডায়রিয়া আক্রান্ত। বিদ্যুৎ না থাকায় গরমে হাঁসফাঁস করছে রোগীরা। স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করছেন রোগীদের। বিদ্যুতের কারণে পানির সরবরাহ ব্যবস্থা চালু না থাকায় শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের সেবা িদতে হিমশিম খেতে হচ্ছে। দেখা দিয়েছে পানিসংকট। এ জন্য জরুরি ভিত্তিতে জেনারটরের মাধমে পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, অতিরিক্ত গরমের কারণে বাড়ছে ডায়রিয়ার রোগী। বৃহস্পতিবার এক দিনেই ১৬ জনকে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘সম্প্রতি হাটহাজারী থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়েছে। গত শনি ও সোমবার খাগড়াছড়ি থেকে ৩৩ কেবি সঞ্চালন লাইন মেরামতের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এখন গড়ে দিন-রাত ১০ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, কিন্তু বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ তিনি আরও জানান, বাঘাইছিড়র প্রতিদিনের চাহিদা দেড় মেগাওয়াট, পাওয়া যায় অর্ধেকের কম।