২৪ দেশের ৫০টি ছবি নিয়ে কাল শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ঢাকায় কিছুদিন আগে শেষ হওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের চট্টগ্রাম বিভাগীয় পর্বের পর্দা উঠছে কাল ২৬ মার্চ। চট্টগ্রামে চতুর্থবারের মতো আয়োজিত উৎসবে ২৪টি দেশের অর্ধশত শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। ২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও গোলাম রাব্বানী। তাঁদের সদ্যমুক্তি পাওয়া ছবিপুতুল বিয়ে ও সহযাত্রী দেখানো হবে উদ্বোধনী দিনে। উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি চট্টগ্রাম। এটি চলবে ২৮ মার্চ পর্যন্ত। উৎসবের ছবিগুলো দেখানো হবে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন, স্টুডিও থিয়েটার ও ফুলকি মিলনায়তনে। ২৬ মার্চ স্টুডিও থিয়েটারে দেখানো হবে নেদারল্যান্ডের ফ্রগস অ্যান্ড টোডস ছবিটি। এ ছাড়া ২৯ মার্চ সন্ধ্যায় নগরের পাথরঘাটা বালিকা বিদ্যালয়ে দেখানো হবে সত্যজিত্ রায় পরিচালিত ছবি হিরক রাজার দেশে। ৩১ মার্চ সন্ধ্যায়ও অনুরূপ একটি প্রদর্শনী হবে ভাটিয়ারির প্লে পার্কে। সেখানে দেখানো হবে উৎসবের ফ্ল্যাশব্যাক বিভাগের নির্বাচিত কোরিয়ান ছবি দ্য ওয়ে হোম। উৎসবের বিশেষ আকর্ষণ বাংলাদেশের শিশুদের তৈরি ও ঢাকার উৎসবে পুরস্কার পাওয়া পাঁচটি ছবি। শিশুদের তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি টুকটুকের চশমা, মিস ইউ, দ্য মাদার, বড় এবং টেনিস বল খুদে দর্শকদের ভালো লাগবে বলে মনে করছেন আয়োজকেরা। উৎসবের পরিচালক সাজ্জাদ হোসেন বললেন, ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে এ দেশের শিশুরা পৃথিবীর অন্য দেশের শিশুদের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে। এটি শিশু-কিশোরদের জন্য একধরনের অভিজ্ঞতা। আমরা চাইছি বাড়ির শিশুদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের অভিভাবকেরাও উৎসবে ছবি দেখতে আসুক।’ পাঁচ দিনব্যাপী উৎসবে প্রত্যেক মিলনায়তনে প্রদর্শনী শুরু হবে সকাল সাড়ে ১০টায়, দুপুর তিনটা ও বিকেল সাড়ে পাঁচটায়। উল্লেখযোগ্য শিশুতোষ চলচ্চিত্রের মধ্যে রয়েছে: ভারতের পসেঙ্গা, ইরানের মিরর, স্লোভানিয়া, হাঙ্গেরি ও বেলজিয়ামের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি অ্যানেদার প্ল্যানেট। সত্যজিত্ রায়ের বিখ্যাত গোয়েন্দা গল্প ফেলুদা নিয়ে নির্মিত নতুন ছবি টিন টোরেটোর যিশু এবং রিংগো পরিচালিত শিশুতোষ গোয়েন্দা চলচ্চিত্র নীল রাজার দেশে দেখানোর কথা রয়েছে এবারের উৎসবে। উৎসবের অ্যানিমেশন বিভাগে দেখানো হবে বিভিন্ন দেশের চমত্কার কিছু ছবি। বাংলাদেশে তৈরি বাংলা ভাষার কার্টুন-অ্যানিমেশন মিকুর কাহিনি দেখানো হবে ২৮ মার্চ বিকেল সাড়ে পাঁচটায়। প্রদর্শনীগুলো শিশু, অভিভাবকসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।