কক্সবাজারের মহেশখালী পৌরসভা এলাকায় বিভিন্ন রকমের ২৪টি প্রকল্পের সংস্কারকাজ চলছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভার বাসিন্দাদের নাগরিক সুবিধা অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য নালা-নর্দমা নির্মাণ, সড়কের কার্পেটিং, মাটি ভরাট, মসজিদের পুকুরের সিঁড়ি, গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণ, সড়কে ইট বিছানো ইত্যাদি।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়া এবং কাজের গতি ধীর হওয়ায় প্রায় অর্ধেক প্রকল্পকাজ এখনো শেষ হয়নি। এলাকাবাসীর আশঙ্কা এসব কাজ শেষ হতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগবে। এতে ভোগান্তি দীর্ঘায়িত হবে বলে তাঁরা মন্তব্য করেন। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নালা-নর্দমা, কালভার্ট ও সড়কের দুরবস্থার কারণে পৌরবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁদের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ২৪টি উন্নয়ন প্রকল্প বাছাই করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। এসব প্রকল্পের কাজ গত ৫ এপ্রিল শুরু হয়ে ৫ জুনের মধ্যে শেষ হওয়ার কথা। তবে ১৩টি প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে এলেও ১১টি প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। পৌরসভার কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ ও কয়েক দফা ভারী বৃষ্টির কারণে কিছু প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করা যাচ্ছে না।গত মঙ্গলবার সকালে গোরকঘাটা মাছবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বক্স কালভার্টে ঢালাই দেওয়ার জন্য কয়েকজন শ্রমিক কাজ করছেন। পাশের আরেকটি বক্স কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। তবে বৃষ্টির কারণে আরও কিছুদিন সময় লাগতে পারে। লম্বা হায়দারপাড়া সংযোগ সড়কের মাটি ভরাট ও সড়কে ইট বিছানোর কাজে নিয়োজিত ঠিকাদার আনোয়ার হোসেন জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে। কয়েক দিনের মধ্যে পুরো কাজ শেষ করে পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। পৌরসভার চরপাড়ার বাসিন্দা আবদুর রহিম বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে অসমাপ্ত কাজ শেষ হতে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যাবে। এতে জনদুর্ভোগ দীর্ঘায়িত হবে। তবে উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করে সিকদারপাড়ার বাসিন্দা নাছির উদ্দিন ও নুরুল আলম জানান, এ সড়ক দিয়ে আগে গাড়ি নিয়ে যাতায়াত করা তো দূরের কথা, হেঁটে চলাও দায় হতো। সড়কটির সংস্কার হওয়ায় এখন থেকে গাড়ি নিয়ে যাতায়াতে সুবিধা হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কি না জানতে চাইলে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল আলম বলেন, ‘বৃষ্টির কারণে কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে।’ তিনি আশা করেন, এ মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হবে। পৌর মেয়র মকছুদ মিয়া প্রথম আলোকে বলেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে পৌরবাসীর দুর্ভোগ অনেকটা কমবে। আরও বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। এভাবে ক্রমান্বয়ে উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করা হবে।