২৫ বছর পর চেরনোবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ভয়ংকর পারমাণবিক দুর্ঘটনার প্রায় ২৫ বছর পর জানা যাচ্ছে, পারমাণবিক চুল্লিটির ধ্বংসাবশেষ নিরাপদে সংরক্ষিত রাখতে যে নিরাপত্তা স্থাপনা নির্মাণ করা দরকার, তার জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র অর্ধেক জোগাড় হয়েছে।চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ধ্বংসাবশেষে থাকা গলিত প্রায় ২০০ টন পরমাণু জ্বালানি বাইরের পরিবেশের আওতামুক্ত রাখতে নতুন একটি নিরাপত্তা স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু দাতারা প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে ব্যর্থ হলে অতি জরুরি এই নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পারমাণবিক চুল্লিটি চাপা দিয়ে রাখা পাথরের আবরণের ওপর এই নিরাপত্তা আবরণ নির্মাণ করা হবে। বিশেষজ্ঞদের মতে, চেরনোবিল থেকে যে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়েছে তা হাজার বছরেও সম্পূর্ণ দূর হবে না। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৯৮৬ সালের ২৬ এপ্রিল এক দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। পরে জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাকবলিত চার নম্বর চুল্লিটি পাথরের বিশাল ‘শবাধার’ বানিয়ে ঢেকে দিয়েছিলেন কয়েক হাজার মানুষ। ওই অস্থায়ী নিরাপত্তাব্যবস্থাই এখন পর্যন্ত পারমাণবিক কেন্দ্রটির ধ্বংসাবশেষকে আটকে রাখার জন্য নির্মিত একমাত্র স্থাপনা। নতুন নিরাপত্তা স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে পুরোনো স্থাপনাটিকে ঘিরে রাখতে। এর আকার হবে বিশাল। কারণ, নিরাপত্তার কারণে একটু বেশি জায়গা ছেড়েই তা তৈরি করা হবে।উচ্চাভিলাষী স্থাপনাটির নির্মাণব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি ইউরো বা ২২১ কোটি ডলার। কিন্তু জি-৮ জোটভুক্ত উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ইবিআরডি) তহবিলে এ জন্য এ পর্যন্ত মাত্র ৭৪ কোটি ইউরো জমা পড়েছে।চেরনোবিল দুর্ঘটনার প্রত্যক্ষ শিকার হয়ে মারা যায় অন্তত ৫০ জন, যারা মূলত কেন্দ্রের কর্মী। এ ছাড়া ক্যানসারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এ ঘটনা অন্তত চার হাজার মানুষের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী বলে মনে করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন ছাড়াও ইউরোপের বিশাল জায়গা জুড়ে জনস্বাস্থ্যের ওপর শিশুর জন্মগত ত্রুটিসহ বিভিন্ন গুরুতর প্রভাব ফেলেছিল চেরনোবিল বিপর্যয়। সূত্র: বিবিসি।