
২০১০ সালের ১৫ এপ্রিল রাত সাড়ে ১১টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশনের কাছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জামান। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটি হয় আসাদের। একপর্যায়ে ওই ব্যক্তিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আসাদ। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটি ১৭ দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেয়। মামলারও চার্জশিট হয়। কিন্তু সাড়ে তিন বছর পরও আসামিরা ধরা পড়েনি।
বিশ্ববিদ্যালয়ে গত ২৫ বছরে এ রকম ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় প্রতিটি ঘটনার ব্যাপারে গঠিত তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে নেতিবাচক রাজনীতি না করার ব্যাপারে প্রচারণা চালানো, ১৫ সদস্যের স্থায়ী পরিবেশ কমিটি গঠন, ক্যাম্পাসে সভা-সমাবেশ ও প্রতিক্রিয়াশীল পোস্টার-লিফলেট না লাগানো, হলগুলোকে বহিরাগতমুক্ত করা, শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং করা ইত্যাদি।
এ ছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। কিন্তু একটি ছাড়া অন্য মামলাগুলোর কোনো অগ্রগতি নেই।
অভিযোগ রয়েছে, তদন্ত কমিটির সুপারিশ কখনোই আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া নানা কারণে ঘন ঘন বদলি হন তদন্ত কর্মকর্তা। ফলে তদন্ত পর্যায়েই ঘুরপাক খাচ্ছে প্রায় মামলা।
আসাদ হত্যার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আল আমীন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে আসাদ হত্যার আসামিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছিলাম। কিন্তু তা আমলে নেওয়া হয়নি। এমনকি সিন্ডিকেটেই তোলা হয়নি প্রতিবেদনটি। আসামিদেরও বিচারের মুখোমুখি করা হয়নি।’
সর্বশেষ এ বছর ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনকে। তিনি হারুনুর রশিদ হত্যা মামলা তদন্ত কমিটিরও প্রধান ছিলেন।
তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবগুলো সুপারিশ বাস্তবায়িত হয় না এমন না। কিছু কিছু বাস্তবায়ন করা হয়। তবে সবগুলো বাস্তবায়ন করা হলে এ ধরনের ঘটনা হয়তো আর ঘটত না।’
এ পর্যন্ত নিহতরা: বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে আইনুল হক নামে শিবিরের এক কর্মী নিখোঁজ হন। ১৯৯০ সালের ২৩ ডিসেম্বর ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের আনন্দ মিছিলে শিবিরের হামলায় নিহত হন ছাত্র মৈত্রীর নেতা ফারুকুজ্জামান। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর শিবিরের হামলায় আহত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মুছা ৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৯৭ সালে মোজাম্মেল কটেজে ও পরের বছরের ৬ মে শাহ আমানত হলে শিবিরের হামলায় নিহত হন আমিনুল ইসলাম ও আইয়ুব আলী। ১৯৯৮ সালের ১৮ মে বালুচরা এলাকায় শিবিরের সন্ত্রাসীরা শিক্ষক-ছাত্র বহনকারী বাসে গুলি চালালে নিহত হন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থী মুশফিক সালেহীন।
একই বছরের ২০ আগস্ট বটতলী পুরানো রেলস্টেশনে শিবিরের কর্মীদের হামলায় আহত হয়ে ২২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়নের কর্মী সঞ্জয় তলাপাত্র। এ ছাড়া ছাত্রলীগের কর্মীদের হামলায় ১৯৯৯ সালের ১৫ মে জোবায়ের হোসেন এবং একই বছরের ১৯ ডিসেম্বর রহীমুদ্দিন ও মাহমুদুল হাসান নিহত হন। এঁরা তিনজনই শিবিরের নেতা-কর্মী।
২০০১ সালের ২৯ ডিসেম্বর হাটহাজারীর ছড়ারকূল এলাকায় শিবিরের হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা আলী মতুর্জা চৌধুরী, ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় রাজনীতিবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র্রমহিউদ্দিন মাসুম এবং একই বছরের ২৯ মার্চ রাতে চৌধুরীহাট স্টেশনের কাছে মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র হারুন-অর-রশিদ কায়সার খুন হন। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি মারা যান ছাত্রশিবিরের মাসউদ বিন হাবিব ও মোজাহিদুল ইসলাম। সর্বশেষ চলতি বছরের ১২ জানুয়ারি ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের শাহ আমানত আবাসিক হলের সাধারণ সম্পাদক মামুন হোসেন খুন হন।
মামলার বর্তমান অবস্থা: ১৭ টি খুনের প্রতিটিতেই মামলা হলেও এ পর্যন্ত একটিমাত্র মামলা নিষ্পত্তি হয়েছে। নিখোঁজ হওয়া আইনুল হকের লাশ গুম করার অভিযোগ প্রমাণ না হওয়ায় ২০০৯ সালের এপ্রিলে আসামিরা খালাস পান। ছাত্রলীগ নেতা আলী মর্তুজা হত্যা মামলাটি এখনো বিচারাধীন। আসাদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মাসুদ ও মুজাহিদ হত্যাকাণ্ডের মামলায় দুই দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার পর বর্তমানে তা সিআইডির হাতে রয়েছে। এ ছাড়া, অন্য মামলাগুলোর ব্যাপারে তেমন অগ্রগতি নেই।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, আসাদ হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এ ছাড়া, অন্যান্য হত্যা মামলারও তদন্তকাজ চলছে। তবে কয়টি মামলা বিচারধীন ও কয়টি মামলার তদন্ত শেষ হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তদন্তে ধীরগতির কারণ: বিভিন্ন হত্যা মামলার একাধিক তদন্ত কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বদলির কারণে মামলার তদন্তকাজ ধীর গতিতে এগোচ্ছে। সূত্র জানায়, আসাদ ও কায়সার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন জিআরপির এসআই (উপ-পরিদর্শক) মো. শহীদুলাহ। তিনি জাতিসংঘ মিশনে অংশ নেওয়ার কাজে ঢাকায় চলে যান। এ মামলায় পুলিশ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আর কিছুই করতে পারেনি।
মাসুম হত্যা মামলাটি প্রথমে জিআরপি তদন্ত করলেও পরে তা সিআইডিতে পাঠানো হয়। সিআইডির এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার) নাজির হোসেন দেওয়ান এক মাস দায়িত্ব পালন করার পর বদলি হলে মামলার তদন্তভার পড়ে এএসপি সাদেকুল ইসলামের ওপর। কিন্তু তিনিও পরে বদলি হলে মামলাটির অগ্রগতি থেমে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এখন বিষয়গুলো সামনে আসবে। এ ছাড়া, বিভিন্ন হত্যা মামলাগুলোর বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালানো হবে।