আজ চট্টগ্রাম গণহত্যা দিবস। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে ২৪ জন নিহত হয়েছিলেন। ২৫ বছরেও সেই মামলার বিচারকাজ সম্পন্ন হলো না। আদালতে আসামি ও সাক্ষী উপস্থিতি নিয়ে নানা জটিলতায় এখনো মামলার সাক্ষ্য-জেরা শেষ হয়নি। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা মনে করছেন, আগামী মাস দুয়েকের মধ্যে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।আদালত সূত্র জানায়, এই মামলায় অভিযোগ গঠনের পর গত ১২ বছরে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার বাদী ইতিমধ্যে মারা গেছেন। মামলাটি এখন চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. গোলাম সরওয়ারের আদালতে বিচারাধীন আছে। আগামী ৫ ফেব্রুয়ারি মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত।উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বেলা তিনটার দিকে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিতে চট্টগ্রাম আদালত ভবনের দিকে যাচ্ছিলেন তৎকালীন আটদলীয় জোটনেত্রী শেখ হাসিনা। তাঁকে বহনকারী গাড়িটি বাংলাদেশ ব্যাংক ভবন অতিক্রমের সময় গাড়িবহরে গুলি চালায় পুলিশ। এতে ২৪ জন নেতা-কর্মী মারা যান।সূত্র জানায়, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদী হয়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মির্জা রকিবুল হুদাসহ ৪৭ পুলিশ সদস্যকে আসামি করা হয়। ১৯৯৬ সালের ১২ অক্টোবর সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ১২ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা মির্জা রকিবুল হুদাসহ আটজনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের ৯ মে অভিযোগ গঠন করা হয়। আসামিদের মধ্যে কোতোয়ালি থানার তৎকালীন টহল পরিদর্শক গোবিন্দ চন্দ্র মণ্ডল ঘটনার পর থেকেই পলাতক। বশিরউদ্দিন নামের এক আসামি মারা গেছেন। অন্য আসামিরা এখন জামিনে আছেন।চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তকারী দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ ও ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপন মামলার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ওই দুই চিকিৎসকের মধ্যে একজন মারা গেছেন। তবে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। সব মিলিয়ে দুই মাসের মতো সময় লাগতে পারে।’ এই গণহত্যা নিয়ে চট্টগ্রামের গণহত্যা, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নামের বই লিখেছেন সাংবাদিক নিরূপম দাশগুপ্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। স্বাধীন দেশের পুলিশ বাহিনীর কিছু সদস্য সেদিন সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। এরপর দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। আওয়ামী লীগ দুবার ক্ষমতায় এসেছে। কিন্তু এই মামলার বিচার এখনো শেষ হয়নি। এটা হতাশাজনক। আন্তরিকতার অভাবই এই দীর্ঘসূত্রতার কারণ।’এদিকে দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগ ও চট্টগ্রামের আইনজীবীরা। বাংলাদেশ ব্যাংক ভবন-সংলগ্ন এলাকায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।