২৫ মাস পরও চালু হয়নি সিইউএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটি ও গ্যাস–সংকটের কারণে ২৫ মাস বন্ধ ছিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। ত্রুটি সারানোর পর এখন গ্যাসও সরবরাহ করা হচ্ছে কারখানাটিতে। তবে গ্যাস পেলেও চাপ না থাকায় উৎপাদন যেতে পারছে না করাখানাটি। সময়মতো উৎপাদন শুরু না হলে বোরো মৌসুমে সারের সংকট দেখা দিতে পারে বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, যাবতীয় মেরামত কাজ শেষ করে গত ১৯ জানুয়ারি গ্যাস সরবরাহ করা হলেও গ্যাসের চাপ কম হওয়ায় এখনো পর্যন্ত উৎপাদন শুরু করা যায়নি। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। কারখানাটির ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তাঁরা।
কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ে কারখানার ইউরিয়া উৎপাদন। ত্রুটি সারিয়ে ২০১৫ সালের ২৩ জানুয়ারি ইউরিয়া উৎপাদন শুরু হলেও আট দিনের মাথায় ৩১ জানুয়ারি আবারও বন্ধ হয় এটি। এরপর আর ইউরিয়া উৎপাদন হয়নি সেখানে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি থেকে গ্যাস পাওয়া গেলেও চাপ কম হওয়ায় এখনো পর্যন্ত উৎপাদনে যেতে পারেনি কারখানাটি।
এদিকে চাহিদা মোতাবেক গ্যাসের দাবিতে ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। সাংবাদিকদের তাঁরা জানান, কারখানায় গ্যাসের চাপ ১০০ পিএসআই (সাত কেজি) দরকার হলেও পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। ফলে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছে না।
কারখানা সূত্র জানায়, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এ কারখানায় প্রতিদিন গড়ে ১৫০০ মেট্রিক টন (৩০ হাজার বস্তা) সার উৎপাদন হয় যার। যার বাজার মূল্য দেড় কোটি টাকা।
ইউরিয়া সারের বাইরে এই কারখানায় বিপুল পরিমাণ অ্যামোনিয়াও উৎপাদিত হয়। কারখানার উৎপাদিত এসব সার ২৫টির মতো জেলার চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হয়। বিসিআইসির ডিলারদের মাধ্যমে এই সার সরবরাহ ও বাজারজাত করা হয়। দেশের ইউরিয়া সারের চাহিদা মেটানোর জন্য আশির দশকে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
সিইউএফএল সিবিএর কার্যকরী সভাপতি ও কারখানার মাস্টার অপারেটর (এমও) মো. বজলুর রহমান ভূঞা প্রথম আলোকে বলেন, ‘২৫ মাস ধরে বন্ধ সিইউএফএলের উৎপাদন। এতে শুধু আমাদেরই নয়, পুরো জাতির ক্ষতি হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) অনুপম দত্ত বলেন, ‘আমরা জাতীয় গ্রিড থেকে চাহিদামতো গ্যাস পাচ্ছি না, তাই এ সমস্যা হচ্ছে।’