২৫ মেগা প্রকল্প পাল্টে দেবে কক্সবাজারের চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। তাই বর্তমান সরকার পরিকল্পিতভাবে কক্সবাজারে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গত দুই বছরে কক্সবাজারে ২৫টি মেগা উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। যেগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। একই সঙ্গে জাতীয় অর্থনীতির বড় একটি অংশ কক্সবাজার থেকেই অর্জিত হবে।
গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারের দুই বছরে কক্সবাজারে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা–বিষয়ক’ এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, উন্নয়নের ক্ষেত্রে সরকার এখন কক্সবাজারকেই বেশি প্রাধান্য দিচ্ছে।
উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে মহেশখালীতে বাস্তবায়িত হবে মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, এলএনজি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড নামে আরেকটি বিদ্যুৎকেন্দ্র এবং পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া মহেশখালীতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রামের নিয়ন্ত্রণাধীন ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প ও বেজা কর্তৃপক্ষের পাঁচটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
টেকনাফে ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন করা হচ্ছে সাবরাং অর্থনৈতিক জোনের কাজ। এই প্রকল্পটির জমি বেজাকে হস্তান্তর করা হয়েছে। টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপে স্থাপিত হচ্ছে ‘জালিয়ার দ্বীপ অর্থনৈতিক জোন’।
বাংলাদেশ সেনাবাহিনীর বাস্তবায়নাধীন ‘মেরিন ড্রাইভ সড়ক’ প্রকল্পটি ২০১৭ সালে পূর্ণতা পাবে। এখন ‘ইনানী-শিলখালী’ পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে ১৭ ইসিবিকে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ‘শিলখালী-টেকনাফ’ পর্যন্ত আরও ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ২১৫ একর জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে চলছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ। বাস্তবায়নাধীন রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্প, রামুতে দ্বিতীয় বিকেএসপি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ, কোস্টগার্ডের স্টেশন নির্মাণসহ আরও কয়েকটি প্রকল্প। প্রক্রিয়াধীন রয়েছে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও মহেশখালী টু্যরিজম পার্ক প্রকল্প।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।