২৬ বছর ধরে অরক্ষিত সংরক্ষিত বনাঞ্চল
১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জুম নিয়ন্ত্রণের আওতাধীন দীঘিনালার তিনটি রেঞ্জ কার্যালয় গুটিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে রেঞ্জগুলোর কার্যালয় অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হয় উপজেলার জামতলী এলাকায়। তখন থেকে ২৬ বছর ধরে এই তিন রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। লুট হয়ে গেছে বনের অনেক গাছ। বর্তমানে রেঞ্জগুলোর বনাঞ্চলে গাছ নেই, পাহাড়গুলো হয়েছে ন্যাড়া। বন বিভাগের কর্মকর্তারাও বনে গাছ না থাকার বিষয়টি স্বীকার করেছেন।অনুসন্ধানে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতাধীন হাজাছড়া রেঞ্জ ও মেরুং রেঞ্জে সরকারিভাবে বনায়ন শুরু হয় ১৯৬২-৬৭ সালে। রোপণ করা হয় সেগুন, গর্জন, গামার, ছাতিয়ান গাছ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে হাজাছড়া রেঞ্জে ২৯ নম্বর ছোট মেরুং মৌজার এক হাজার ৭৫০ একর, ২৮ নম্বর রেংক্যার্যা মৌজার চার হাজার ৬০০ একর ৫৬ নম্বর বড় হাজাছড়া মৌজার ছয় হাজারসহ মোট ১২ হাজার ৩৫০ একর বন ভূমিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে। এ ছাড়া, মেরুং রেঞ্জের ৩৯৯৯ দশমিক ৬২ একর, ৫৫ নম্বর ছোট হাজাছড়া মৌজার এক হাজার ৪০০ একর এবং ৫৪ নম্বর তারাবুনীয়া মৌজার পাঁচ শ একর বন ভূমিক সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি রেঞ্জটি সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা এবং বনায়ন করা হয় ব্রিটিশ আমলে। এ রেঞ্জের আওতায় বনাঞ্চলের পরিমাণ ৫৪ হাজার ১১২ একর। উপজেলার বাবুছড়া থেকে নাড়াইছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল দৈর্ঘ্যে ভারত সীমান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার।খোঁজ নিয়ে জানা যায়, নাড়াইছড়ি, হাজাছড়া ও মেরুং রেঞ্জের আওতাধীন বন ১৯৮৬ সালের আগে বিভিন্ন প্রজাতির গাছে পরিপূর্ণ ছিল। ওই বছর বিরাজমান অশান্ত পরিস্থিতি ও নিরপত্তার কারণে রেঞ্জগুলোর কার্যালয় সরিয়ে আনা হয়। তখন থেকে শুরু হয় বন উজাড়। বর্তমানে বনে কাটার উপযোগী কোনো গাছ নেই। কোনো কোনো পাহাড় একেবারেই ন্যাড়া। বন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিরাজমান পরিস্থিতি ও নিরাপত্তার অভাবের অজুহাতে বন বিভাগ নীরব থাকায় ওই সময় থেকে এসব বনাঞ্চলের গাছ পাচার হয়েছে। নাড়াইছড়ি বনাঞ্চলটি ধ্বংস করা হয়েছে মূলত ১৯৯৭-০৬ সালের মধ্যে। দীঘিনালা থেকে প্রতিদিন বিনা পারমিটে গড়ে দেড় শ ট্রাক গাছ ঢাকায় পাচার করা হয়েছে। অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু কর্মকর্তাও এ পাচার কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ রেঞ্জের আওতাধীন ১২ কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ ২০ হাজার ঘনফুট কাঠ জব্দ করে। জানা যায়, বর্তমানে রেঞ্জগুলোতে নতুন করে বনায়ন কার্যক্রম নেই। শুধু ব্যক্তিমালিকানাধীন বাগানের জোত পারমিট ইস্যু ছাড়া বন বিভাগের আর কোনো কার্যক্রমও নেই। এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার কর বলেন, ‘সম্পূর্ণ বনই বর্তমানে অরক্ষিত এবং বনে কি পরিমাণ গাছ আছে তাও বলতে পারছি না।’পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগে মেরুং রেঞ্জ কর্মকর্তা তুষার কান্তি ঘোষ বলেন, ‘সংরক্ষিত বনের গাছ অনেক আগেই লুট হয়ে গেছে। বর্তমানে বনে কাটার মতো কোনো গাছ নেই। নিরাপত্তার কারণে বন পাহারা দেওয়াও সম্ভব হয় না।’ খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, ‘বিরাজমান পরিস্থিতি আর নিরাপত্তার অজুহাতে এত বড় বন অরক্ষিত রাখা দুঃখজনক।’ তাঁর মতে, অসাধু বন কর্মকর্তাদের সহযোগিতায় সংরক্ষিত বনের গাছ লুট হয়েছে। বন মন্ত্রণালয়ের উচিত বনে যেটুকু গাছ আছে তা রক্ষার ব্যবস্থা করা।