বাদামি চুলের ২৬ বছর বয়সী এক যুবক। কথাবার্তা কিংবা চলনে-বলনে তাঁকে আর দশজন থেকে আলাদা করে ঠাওর করা যায় না। সাধারণ মানুষের মতোই তাঁর জীবনযাপন। মার্ক জাকারবার্গ নামের এ যুবকটিই টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে এ বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্কের জন্ম নিউইয়র্কের হোয়াইট প্লেইনসে ১৯৮৪ সালের ১৪ মে। মনোবিজ্ঞানী মা এবং দন্তবিশেষজ্ঞ বাবার একমাত্র ছেলে মার্ক শৈশব থেকেই প্রোগ্রামিংয়ের দারুণ ভক্ত। দিনের বেশির ভাগ সময়ই কাটত তাঁর কম্পিউটারের সামনে। আর্ডসলে হাইস্কুলে পড়াশোনা শুরু করেন মার্ক। ফেঞ্চ, হিব্রু, লাতিন ও প্রাচীন গ্রিক ভাষায় দক্ষ হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যে। শুরুর দিকে পড়াশোনার বিষয় হিসেবে বেছে নেন সাহিত্য। তবে প্রোগ্রামিংই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বাবাও এ ক্ষেত্রে উৎসাহ দিতে কার্পণ্য করতেন না। শিক্ষক ডেভিড নিউম্যানের কাছে কম্পিউটার পাঠ নিয়ে ধীরে ধীরে নিজেকে পরিপক্ব করে তোলেন মার্ক। করতে থাকেন নানা রকম গেম তৈরি এবং বিভিন্ন সফটওয়্যারের উন্নতির কাজ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এ চর্চা বেড়ে যায় আরও কয়েক গুণ। এ সময় তাঁর পড়াশোনার বিষয় ছিল কম্পিউটার বিজ্ঞান ও মনোবিজ্ঞান। পড়াশোনার বাইরে প্রোগ্রাম তৈরির কাজেই নিজেকে বেশি ব্যস্ত রাখতেন মার্ক। এ সময় তাঁর তৈরি দুটি প্রোগ্রামের নাম কোর্টম্যাচ ও ফেইসম্যাস। ফেইসম্যাসের কাজ ছিল ভোট দিয়ে হার্ভার্ডের সবচেয়ে আকর্ষণীয় শিক্ষার্থী নির্বাচিত করা। প্রোগ্রামটি জনপ্রিয় হয়ে উঠলেও মার্ককে হতে হয় সমালোচনার শিকার। অনেকেই বিনা অনুমতিতে ব্যবহার করতে শুরু করে অন্যের ছবি। মার্ক শুধু এ দুটো প্রোগ্রাম তৈরি করেই থেমে থাকেননি। হার্ভার্ড থেকে বিতাড়িত এ যুবক ভাবেন এমন একটি সাইটের কথা, যেখানে মানুষ নিজেদের আবেগ প্রকাশ করতে পারবে খুব সহজেই। নিজেদের ভাবনা, সুখ-দুঃখ নিয়ে কথা বলতে পারবে বন্ধুদের সঙ্গে। অবলীলায় বিনিময় করতে পারবে নানা তথ্য। পরিচিত হবে নতুন নতুন মানুষের সঙ্গে। একে অন্যের দিকে বাড়িয়ে দেবে বন্ধুত্বের হাত। এমন সব ভাবনা থেকেই ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম ফেসবুকের। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা বর্তমান পৃথিবীর অন্যতম সেরা এ সাইটটির ব্যবহারকারির সংখ্যা এখন ৫০ কোটিরও বেশি মানুষ। প্রতিদিনই গড়ে এক লাখ ৫০ হাজার মানুষ নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে যোগ দেয় ফেসবুকে। এ সংখ্যাটা বেড়েই যাচ্ছে দিনকে দিন। ২০০৯ সালে এর রাজস্ব আয় ছিল ৮০ কোটি ডলার। এই অর্থের বেশির ভাগই এসেছে বিজ্ঞাপন এবং নানা ধরনের গেম থেকে। মার্ক লাল ও সবুজ রঙের ফারাক বুঝতে পারেন না। তাই ফেসবুককে সাজাতে তিনি নীল রংই বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়র মার্ক জাকারবার্গ। তাঁর সম্পদের পরিমাণ ৬৯০ কোটি ডলার। এক সময়ের সহজ-সরল এ মানুষটিই এখন তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। তাই ২০১০ সালের অক্টোবরে তাঁর জীবনের ওপর ভিত্তি করে ডেভিড ফিঞ্চারের পরিচালনায় নির্মিত হয় চলচ্চিত্র দি সোশ্যাল নেটওয়ার্ক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এ মেধাবী যুবককে তুলনা করা হয় বিল গেটসের সঙ্গে। দুজনের মধ্যে আচরণ ও মেধার দিক থেকে রয়েছে দারুণ মিল। মানবসেবায়ও মার্কের রয়েছে দারুণ অবদান। শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সাহায্য করে যাচ্ছেন নিজের সাধ্যমতো। শিক্ষার উন্নতির জন্য নিউইয়র্ক পাবলিক স্কুলকে দিয়েছেন ১০০ মিলিয়ন ডলার। ফেসবুকের ২৪ শতাংশ শেয়ার রয়েছে মার্কের দখলে। ইয়াহুর ফেসবুককে কিনে নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েও এ সাইটটি নিয়ে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের উন্নতির জন্য একদল মেধাবী কর্মী কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তাঁরা এর ব্যবহারকারীদের দিচ্ছেন নিত্যনতুন সুযোগ-সুবিধা। তরুণেরা সফল হয়ে উঠুক নিজেদের কাজ দিয়ে—এটাই তাঁর চাওয়া। মার্কের অগ্রযাত্রা কখন শেষ হবে তা জানা নেই কারও। বছরের সেরা ব্যক্তিত্ব এ যুবকের এগিয়ে যাওয়ার গতিটা দেখে এমনটা কল্পনা করাও হবে অনুচিত।