বৃহস্পতিবার সকাল ১০টা। রামু উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম গর্জনিয়া থেকে দেড় বছরের অসুস্থ ছেলেকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসেন গৃহবধূ সনজিদা আকতার (২৭)। প্রায় ২৭ কিলোমিটার দূর থেকে কাকডাকা ভোরে ঘর থেকে বেরিয়েছিলেন ছেলেকে তাড়াতাড়ি ডাক্তার দেখানোর আশায়। কিন্তু হাসপাতালে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চিকিৎসকের দেখা পাচ্ছেন না। সনজিদা আকতার বলেন, ‘আটটা থেকে হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়ে আছি, ডাক্তারের দেখা পাচ্ছি না। লাইনে আমার সামনে আরও ৩৫ জন আছেন। প্রচণ্ড গরমে অসুস্থ ছেলের কান্নাকাটি সহ্য করতে পারছি না।’সনজিদার পেছনে দাঁড়ানো মহেশখালীর চরপাড়া থেকে আসা গৃহবধূ রহিমা খাতুন (৪৫) বলেন, ‘গরিবের জন্য আসলে তো কেউ নেই। আমরা সাগর-নদী পেরিয়ে হাসপাতালে ছুটে আসি, অথচ ডাক্তারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এত বড় একটা হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার নেই—তা ভাবতে কষ্ট হয়।’ অনুসন্ধানে জানা গেছে, ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক-সংকটসহ নানা সমস্যার কারণে চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। পাশাপাশি সাতটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও (কমপ্লেক্স) চিকিৎসক-সংকট চলছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার জেলা সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ২৩৩টি। এক যুগের বেশি সময় ধরে ১১৭টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ২৬ লাখ মানুষের জন্য রয়েছেন মাত্র ১১৬ জন চিকিৎসক। ফলে স্বাস্থ্যসেবার বেহাল দশা চলছে। স্বাস্থ্যসেবা পাচ্ছেন না ২০ লাখ মানুষ: সরকারি হিসাব মতে, তিন হাজার ১২৫ জনের বিপরীতে একজন চিকিৎসক থাকার কথা, কিন্তু কক্সবাজার জেলায় ২৯ হাজার ৯২৭ জনের জন্য আছেন একজন চিকিৎসক। এ ছাড়াও ৫৫ হাজার ১৮০ জনের বিপরীতে রয়েছেন একজন চিকিৎসা সহকারী এবং ২৯ হাজার ৩৪ জনের বিপরীতে একজন সেবিকা। ফলে জেলার প্রায় ২০ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।কক্সবাজারের বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের গবেষণা প্রতিবেদন থেকে উল্লিখিত তথ্য জানা গেছে। কোস্ট ট্রাস্টের গবেষণা বিভাগের ঊর্ধ্বতন সমন্বয়কারী আতিকুল ইসলাম চৌধুরী জানান, পর্যটননগর হলেও স্বাস্থ্যসেবার দিক থেকে কক্সবাজার অনেক পিছিয়ে। উপকূলীয় এলাকায় সরকারি হাসপাতালে অবকাঠামোসহ চিকিৎসা সরঞ্জামাদি থাকলেও জনবলসংকট ও অব্যবস্থাপনার কারণে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনবলসংকট: জেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানে সরকারি মঞ্জুরিকৃত এক হাজার ৩০৯টি পদের মধ্যে শূন্য আছে ৪৮৫টি। ২৩৩ জন চিকিৎসকের মধ্যে ১১৭ জন নেই। জানা যায়, জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে সিভিল সার্জন কার্যালয়সহ ১২টি প্রতিষ্ঠান। কক্সবাজার সদর হাসপাতালে ৪১ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন ২৭ জন। হাসপাতালের বিভিন্ন বিভাগে ১৫৯টি পদের মধ্যে শূন্য ৫০টি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৮৮ পদের মধ্যে কর্মরত ৬৮ জন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১১ পদের মধ্যে ৪৮টি শূন্য। এখানে ৩৯ চিকিৎসকের বিপরীতে কর্মরত ২৬ জন। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৬ পদের মধ্যে শূন্য ৪১টি। ২৭ চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র ছয়জন। মহেশখালী হাসপাতালে ২৯ চিকিৎসকের মধ্যে আছেন ১০ জন। ১৭০ কর্মকর্তা-কর্মচারীর পদের মধ্যে শূন্য ৬৭টি। রামু হাসপাতালে ২০ চিকিৎসকের মধ্যে আছেন ১১ জন, উখিয়া হাসপাতালে ১৪ জনের মধ্যে পাঁচজন, টেকনাফ হাসপাতালে ২৭ জনের মধ্যে সাতজন ও পেকুয়া হাসপাতালে ১৭ চিকিৎসকের মধ্যে কর্মরত ১০ জন। এ ছাড়া সেন্ট মার্টিন দ্বীপের ১০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ পদের মধ্যে ১৪টিই শূন্য। মাত্র একজন চিকিৎসক দ্বীপের আট হাজার মানুষকে চিকিৎসাসেবা দেন। অন্যদিকে, বক্ষব্যাধি ক্লিনিকে ১৭ জনের মধ্যে কর্মরত ১২ জন। সিভিল সার্জন কার্যালয়ে ৩৫টি পদের বিপরীতে আছেন ২২ জন। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, ‘জনবলসংকটের কারণে লাখ লাখ মানুষ ঠিকমতো সেবা পাচ্ছেন না। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে শূন্য পদে নিয়োগের জন্য ওপর মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে।’