২৭ বছর পর পিয়ানোর সুর
পিয়ানো খুব ভালো বাজাতেন রোজমেরি জনসন। কিন্তু ১৯৮৮ সালে এক সড়ক দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলেন। এরপর সাত মাস অচেতন অবস্থায় (কোমা) ছিলেন। তখন তিনি আনুমানিক ২৩ বছরের তরুণী।
যুক্তরাজ্যের ওয়েলশ ন্যাশনাল অপেরা অর্কেস্ট্রার সদস্য রোজমেরি বিশ্বমানের পিয়ানোবাদক হবেন—এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু ওই দুর্ঘটনায় তিনি কথা বলা ও চলাফেরার সামর্থ্যই হারিয়ে ফেলেন, পিয়ানো বাজাবেন কীভাবে! তবে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় রোজমেরি আবার সেই বাদ্যযন্ত্রে সুর তুলতে পারছেন, কেবল মনের সামর্থ্য দিয়েই।
প্লেমাউথ ইউনিভার্সিটি এবং লন্ডনের রয়েল হসপিটাল ফর নিউরো-ডিজঅ্যাবিলিটি প্রকল্পের গবেষকেরা রোজমেরির মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপন করেছেন। এ জন্য তাঁরা ব্যবহার করেছেন ব্রেন কম্পিউটার মিউজিক ইন্টারফেসিং সফটওয়্যার। কম্পিউটারের পর্দায় ভিন্ন ভিন্ন রঙের আলোর প্রতি দৃষ্টি দিয়েই তিনি ঠিক করতে পারেন কী কী সুর বাজাতে হবে। অন্য শিল্পীদের বাজানো সুরে পরিবর্তন আনার নির্দেশনাও তিনি একই প্রক্রিয়ায় দিতে পারেন। মানসিক নির্দেশনার মাধ্যমেই তিনি সংগীতধ্বনির তীব্রতা এবং গতিও পাল্টাতে পারেন।
রোজমেরির বয়স এখন ৫০ ছাড়িয়েছে। ২৭ বছর পর আবার সুর সৃষ্টি করতে পেরে তিনি যারপরনাই আবেগাপ্লুত। আর তাঁর এই সামর্থ্য ফিরে পাওয়ার প্রকল্পে যুক্ত বিজ্ঞানীরাও একই রকম খুশি।
প্লেমাউথ ইউনিভার্সিটির ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর কম্পিউটার মিউজিক রিসার্চের পরিচালক অধ্যাপক এডুয়ার্ডো মিরান্ডা বলেন, ‘রোজমেরি যখন আবার বাজাতে পারল, আমরা আনন্দাশ্রুতে ভেসেছি। এ প্রকল্পের বড় অর্জনটি হলো, নড়াচড়ার সামর্থ্য না থাকলেও যন্ত্রসংগীত পরিবেশন করা যায়। মানুষের চিন্তাপাঠ এখনো সম্ভব নয়। তবে আমরা কোনো জিনিস নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের নানা সংকেত ব্যবহার করার প্রশিক্ষণ দিতে পারি।’
রোজমেরির মা পশ্চিম লন্ডনের বাসিন্দা মেরি জনসন বলেন, বিজ্ঞানীদের ওই গবেষণা প্রকল্প তাঁর মেয়েকে নতুন আশা দিয়েছে। সংগীতই রোজমেরির একমাত্র প্রেরণা।