২৭ বৌদ্ধ বিহারের ভগ্নদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড থেকে আনা দেশের অন্যতম বৃহৎ গৌতম বুদ্ধের মূর্তিটি স্থাপন করা হচ্ছে প্রায় ৩০০ বছরের পুরোনো কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারে। পাঁচ মণ ওজনের ১২ ফুট উচ্চতা ও আট ফুট প্রস্থের সোনালি রঙের এই বুদ্ধমূর্তিটি আনা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে। বিহারের প্রধান ভিক্ষু সত্যপ্রিয় মহাথেরর প্রচেষ্টায় বিশাল এই মূর্তিটি আনা সম্ভব হয়েছে। গত ২০ মার্চ দুপুরে সরেজমিন বিহারটি পরিদর্শন করে দেখা গেছে, সোনালি রঙের বিশাল বুদ্ধমূর্তিটি দেখার জন্য অনেকে সেখানে ভিড় জমান। বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, এই বিহারটি প্রায় ৩০০ বছর আগের তৈরি। এখানে ছোট-বড় অর্ধশতাধিক বুদ্ধমূর্তি রয়েছে। তারপরও ধর্মীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে থাইল্যান্ড থেকে গত বছরের নভেম্বর মাসে গৌতম বুদ্ধের এই বিশাল মূর্তিটি আনা হয়েছে। জায়গার অভাবে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, তামা, পিতলসহ অষ্টধাতু দিয়ে তৈরি বিশাল এই মূর্তিটি বিহারের এক কোণে রাখা হয়েছে। বিহারের আলাদা একটি ঘরে এটি স্থাপনের পরিকল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ছয়টা থেকে নয়টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বৌদ্ধধর্মের নারী-পুরুষ, শিশু-কিশোর এই বিশাল বুদ্ধমূর্তির পূজা ও অর্চনা করে। দর্শনার্থীদের জন্য সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিহারটি খোলা রয়েছে। ২৭ বৌদ্ধ বিহারের ভগ্নদশা: রামুর কেন্দ্রীয় সীমা বিহারটির এখন ভগ্নদশা। কাঠের তৈরি দোতলা এই মন্দিরটি ৩০০ বছর আগে মিয়ানমারের শিল্পীরা তৈরি করেছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে আরও ২৬টি বিহারের কয়েকটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, ২০০ থেকে আড়াই হাজার বছরের পুরোনো ২৭টি ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের পুণ্যভূমি এই রামু। অথচ সংস্কারের অভাবে বহু বৌদ্ধ বিহার ধ্বংস হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার রাজারকুল, অফিসেরচর, হাজারিকুল, মেরংলোয়া, শ্রীকুল, জাদিপাড়াসহ বিভিন্ন স্থানে বর্তমানে ২৭টি বৌদ্ধবিহার রয়েছে। এরমধ্যে রামকূট বনাশ্রম বৌদ্ধবিহারটি প্রায় আড়াই হাজার বছর আগের তৈরি। অর্থাৎ খ্রিষ্টপূর্ব ৩০৮ অব্দে সম্রাট অশোক রাজারকুল গ্রামে ঐতিহাসিক এই রামকূট বনাশ্রম বৌদ্ধবিহারটি স্থাপন করেন। উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী জানান, তাঁর নিজ গ্রাম ফতেখাঁরকুলে প্রায় ২০০ বছর আগে তৈরি লামারপাড়া বৌদ্ধ বিহারে স্থাপন করা আছে বিশাল আকৃতির অষ্টধাতুর বুদ্ধমূর্তি, পিতলের তৈরি বিশাল দুটি ঘণ্টা। আরও রয়েছে প্রাচীন শিলালিপি, স্মৃতিচিহ্নসহ নানা নিদর্শন। অথচ বিহারটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হচ্ছে। বিহারটি সংরক্ষণ ও সীমানা প্রাচীর তৈরির জন্য সরকারের বিশেষ বরাদ্দ দরকার। এ ছাড়াও উপজেলার উত্তর মিঠাছড়ি জোয়ারিয়ানালা বৌদ্ধবিহারটিও সংস্কারের অভাবে ভেঙে যাচ্ছে। নানা চেষ্টা তদবির করেও বিহারটি সংস্কারে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না।