২৮ গ্রামের মানুষের ঘুম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিনিয়ত জোয়ারের কবলে পড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার তিন ইউনিয়নের অন্তত ২৮ গ্রামের লক্ষাধিক মানুষের দুচোখে ঘুম নেই। সাম্প্রতিক ভারী বর্ষণ ও অমাবস্যার জোয়ারে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ৩০ কিলোমিটারের বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে এই জনপদ। জানা যায়, গত ২৪ ও ২৫ জুনের ভারী বর্ষণের সময় শাপলাপুর, মাতারবাড়ি ও ধলঘাটার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। জোয়ার-ভাটায় পানি প্রতিনিয়ত লোকালয়ে ওঠা-নামা করছে। ১ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেএমঘাট ও ষাইটমারা এলাকার ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের লোনা পানি ভেতরে ঢুকে ছয় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী আছেন অন্তত ৩০ হাজার মানুষ। মাতারবাড়ি, রাঙ্গাখালী ও উত্তররাজ ঘাটে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে এবং ভাটার সময় বেরিয়ে যাচ্ছে। এদিকে ধলঘাটার অবস্থা আরও করুণ। জোয়ারের লোনা পানি লোকালয়ে ঢুকে সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মুহরী ঘোনাসহ ১৯ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে অন্তত ৪০ হাজার মানুষ। পানিতে ডুবেছে অন্তত দুই হাজার ঘরবাড়ি। এসব বাড়িতে চুলা জ্বালানো যাচ্ছে না বলে বাসিন্দাদের অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। ধলঘাটার সরইতলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী ও আনোয়ার হোসেন বলেন, দুই মাস ধরে জোয়ারের পানিতে ভাসছে এই এলাকার মানুষ। স্থানীয় লোকজনের মধ্যে ঈদের আনন্দ দূরের কথা, দুই বেলা ভাত খেতেও কষ্ট হচ্ছে। ধলঘাটা ইউনিয়নের তথ্যকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জোয়ার-ভাটার কারণে এবারে ঈদের নামাজ পড়াও দায় হয়ে পড়েছে। আর এলাকার মানুষের ঈদের কোনো আমেজ নেই। শুধু প্রতিদিন আতঙ্কে থাকেন জোয়ার-ভাটা নিয়ে। শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা আবদুল করিম ও জাহাঙ্গীর আলম জানান, ১০ বছর ধরে অরক্ষিত বাঁধ সংস্কার করা হয়নি। বর্ষার সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ কারণে প্রায় তিন শ একর জমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে না। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ইতিমধ্যে সরইতলা বাঁধ দিয়ে পানি ঢুকে এলাকার অন্তত দুই হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। কিন্তু বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হচ্ছে না। সংস্কার না হলে এলাকায় বসবাস করা যাবে না। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, বাঁধ সংস্কারের জন্য অনেক লেখালেখি হয়েছে, কাজ হয়নি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করতে পানি উন্নয়ন বোর্ডকে অনেক চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে প্রতিনিয়ত জোয়ার-ভাটার কবলে পড়ে স্থানীয় লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। না পাওয়ায় আপাতত সংস্কার করা সম্ভব হচ্ছে না।