২৮ জিম্মি নাবিক ফিরবে কবে
জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকের সংখ্যা বাড়ছে। এমভি জাহান মণি জাহাজের ২৬ জনসহ জলদস্যুর হাতে জিম্মি বাংলাদেশির সংখ্যা এখন ২৮। এঁদের মধ্যে দুজন সাত মাস ধরে সোমালিয়ার জলদস্যুর হাতে জিম্মি হয়ে আছেন।তাঁদের স্বজনেরা উৎকণ্ঠায় পার করছেন প্রতিটি মুহূর্ত। জিম্মিরা কখন মুক্তি পাবেন সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ।ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এমভি জাহান মণিসহ সোমালিয়ার উপকূল ও এডেন উপসাগরে বর্তমানে জলদস্যুর হাতে জিম্মি আছে ২৩টি জাহাজ। এমভি জাহান মণি ছাড়া বাকি ২২টি জাহাজের মালিকপক্ষের সঙ্গে এখনো মুক্তিপণ দাবিতে দরকষাকষি করছেন দস্যুরা। এর মধ্যে এমটি মারিডা মার্গারেট জাহাজে দুই বাংলাদেশি আছেন।সমুদ্র পরিবহন কার্যালয়ের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়া প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি নাবিক জলদস্যুর হাতে জিম্মি হয়ে আছেন। এঁদের মধ্যে এমটি মারিডা মার্গারেট জাহাজের ২২ নাবিকের মধ্যে দুজন বাংলাদেশি। এঁরা হলেন জাহাজের প্রধান কর্মকর্তা মো. জাফর ইকবাল এবং দ্বিতীয় প্রকৌশলী এ বি এম গিয়াস উদ্দিন আজম খান। জাফর ইকবালের বাড়ি ফেনী এবং আজম খানের বাড়ি চট্টগ্রামে।জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এ জাহাজের নাবিকদের উদ্ধারে দস্যুদের সঙ্গে সমঝোতা করছে জার্মানির জাহাজ মালিকপক্ষ। সর্বশেষ গত সোমবার এই জাহাজে যন্ত্রপাতি পাঠানোর জন্য দস্যুরা বার্তা পাঠিয়েছে। মুক্তিপণ পরিশোধ এবং যন্ত্রপাতি পাঠানোর পর জাহাজটি দস্যুরা ছেড়ে দিতে পারে বলে আশা করছে মালিকপক্ষ।এমটি মারিডা মার্গারেট জাহাজের স্থানীয় প্রতিনিধি মেরিন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ভারত থেকে বেলজিয়ামে যাওয়ার পথে গত ৮ মে জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। এখন জাহাজ ও জিম্মিদের উদ্ধারে দস্যুদের সঙ্গে সমঝোতা হচ্ছে। আশা করি শিগগিরই বাংলাদেশি নাবিকসহ সবাই মুক্তি পাবেন। জাহাজের সব নাবিক সুস্থ আছেন বলেও জানান তিনি।এদিকে, এমভি জাহান মণি জাহাজের ২৬ নাবিককে উদ্ধারের এখনো কোনো অগ্রগতি হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যে দস্যুরা নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে মুক্তিপণ আদায়ের জন্য যোগাযোগ করতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রথম আলোকে বলেন, দস্যুদের সঙ্গে রুক্ষ আচরণ না করলে নাবিকদের সাধারণত ক্ষতি করে না। তারা শুধু মালিকপক্ষের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।সমুদ্র পরিবহন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১০ হাজার বাংলাদেশি নাবিক জাহাজের চাকরিতে যোগদান করেছে। এদের মধ্যে প্রায় ছয় হাজার এখন এই পেশায় নিয়োজিত আছে।