২৮ বছর প্রধান শিক্ষক নেই তিন প্রাথমিক বিদ্যালয়ে
ফেনী জেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ বছর ধরে কোনো প্রধান শিক্ষক নেই। ১৯৮৩ সালে জাতীয়করণের সময় এ প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ ছিল না। এখনো পর্যন্ত প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ১৯৮৩ সালে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর জগতপুর প্রাথমিক বিদ্যালয়, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ সালধর প্রাথমিক বিদ্যালয় ও ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ওই বিদ্যালয়গুলোতে তখন প্রধান শিক্ষকের পদ ছিল না। বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাসান শরীফ জানান, ‘বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কাজ করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন-নিবেদন করেও কোনো ফল হয়নি।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইয়ুব খান জানান, প্রধান শিক্ষকের পদ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক আছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো কাজে গেলে অপর তিনজন শিক্ষকের পক্ষে বিদ্যালয় চালাতে কষ্ট হয়।একই ধরনের বক্তব্য দিয়েছেন উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম জানান, ফেনীর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য একাধিকবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ৮ আগস্ট চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে লেখালেখি ছাড়া জেলা শিক্ষা কার্যালয়ের আর কোনো করণীয় নেই।