স্বপ্ন দেখার প্রয়াসে যাদের পথচলা শুরু, সেই স্বপ্নপূরণের ইচ্ছাশক্তিকে সম্বল করেই তারা এগিয়ে চলেছে আলোর পথে। সময়ের স্রোতে ভেসে ২৮ বছরে পা রাখল বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
বোধনের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দ মেলা বসেছিল নগরের থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে। ১০ জানুয়ারি ‘সুহূদ সম্মেলন’ শিরোনামের এ আয়োজনে ছিল আবৃত্তি, গান ও কথামালা। উৎসব উপলক্ষে ছোট ছোট ফেস্টুনে দিয়ে সাজানো হয়েছিল মিলনায়তনের চারপাশ। লাল পোশাকে সেজেছিলেন বোধনের সদস্যরা। সব মিলিয়ে টিআইসি প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল উৎসবের ছোঁয়ায়।
বিকেল পাঁচটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। এরপর শুরু হয় সুহূদ সম্মেলন। এতে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ডা. সুলতান উল আলম, অধ্যক্ষ আনোয়ারা আলম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, কামরুল হাসান, জিন্নাহ চৌধুরী, আহমেদ মুনির, সাংবাদিক রিয়াজ হায়দার, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের, রাশেদ হাসান, মফিজুর রহমান, ফজল হোসেন, নাট্যকার আহমেদ ইকবাল হায়দার, লিটন মিত্র, নওশাদ মাহমুদ প্রমুখ। অতিথিরা তাঁদের কথামালায় বোধনের এগিয়ে চলাকে অভিনন্দন জানান। অতিথিদের কথামালার পাশাপাশি ছিল বোধনের সদস্যদের সুখ-দুঃখের স্মৃতিচারণা।