২৮ মার্চ কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রামের শ্রম আদালত ঘোষণা দিয়েছেন। কেপিএম সূত্র জানায়, তারিখ ঘোষণার পর থেকে কেপিএমের তিনটি শ্রমিক সংগঠন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়ার্কার্স ইউনিয়নের নেতা-কর্মীরা প্রচারণা শুরু করেন। কেপিএমে বর্তমানে ১ হাজার ২০০ ভোটার রয়েছে।নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান জানান। ১৪ মার্চ কেপিএম অতিথি ভবনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি তৌহিদ আল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব এবং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। নির্বাচনের বিষয়ে মতামত দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন মারমা, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননাহার বেগম, কাপ্তাই সার্কেলের এএসপি প্রণব কুমার রায়, কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবুল কাশেম, নিরাপত্তা কর্মকর্তা শাহাব উদ্দীন আজাদ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, বিশেষ আইনশৃঙ্খলা সভায় সবার সম্মতিতে আচরণবিধি তৈরি করা হয়। মাইক ব্যবহার, পোস্টার তৈরি, দেয়াললিখন, আলোচনা সভা, প্রচারণা ইত্যাদি বিষয় আচরণবিধিতে উল্লেখ আছে। বিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।