২৮ হাজার একর বনভূমিতে ৬৭ হাজার ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরে পাহাড় দখল করে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। ছবিটি ঘোনারপাড়া এলাকা থেকে তোলা   প্রথম আলো
কক্সবাজার শহরে পাহাড় দখল করে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। ছবিটি ঘোনারপাড়া এলাকা থেকে তোলা প্রথম আলো

কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় দখল করে বসতঘর নির্মাণ চলছেই। প্রতিদিন গড়ে উঠছে নতুন নতুন বসতি। পরিবেশবাদীদের হিসাবে, কক্সবাজারের প্রায় ২৮ হাজার একর বনভূমি দখল করে ৬৭ হাজার ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উখিয়া উপজেলার কুতুপালং এলাকার টেলিভিশন উপকেন্দ্র স্টেশনের পাশে তিন-চারটি পাহাড় দখল করে তৈরি করা হয়েছে কমপক্ষে ১২ হাজারের বেশি ঝুপড়িঘর। এসব ঝুপড়িঘরে বাস করছে এক লাখের মতো মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। উখিয়ার জালিয়াপালং, ইনানী, সোনারপাড়া, মনখালী, বালুখালীসহ বিভিন্ন পাহাড়েও একই অবস্থা, গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী বন সংরক্ষক (উখিয়া) এম এ হাসান বলেন, দখলদারদের পেছনে রাজনৈতিক ইন্ধন থাকায় বনভূমি থেকে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। আর বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বনভূমি থেকে উচ্ছেদ করতে বিজিবি, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান দরকার।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল পাহাড় ও আশপাশে এলাকা কয়েক বছর আগেও গাছগাছালিতে ভরপুর ছিল।
দখলদাররা ইতিমধ্যে সেখানে শতাধিক বসতবাড়ি তৈরি করেছে। পাশের খুটাখালী সংরক্ষিত বন ও ন্যাশনাল পার্কের ভেতরেও তৈরি করা হয়েছে হাজারো ঘরবাড়ি।
এদিকে কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, কলাতলী, আদর্শগ্রাম, বাইপাস, লারপাড়াসহ বিভিন্ন পাহাড় দখল করে তৈরি করা হয়েছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি। সদর উপজেলার হিমছড়ি, বড়ছড়া পাহাড়, টেকনাফ, রামুসহ জেলার বিভিন্ন স্থানে সংরক্ষিত পাহাড় ও ঝাউবাগান দখল করে তৈরি করা হয়েছে আরও ৩০ হাজারের বেশি ঘরবাড়ি।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ২৭টি পাহাড় ও আশপাশের বনভূমি দখল করে ৬৭ হাজার স্থাপনা তৈরি করে বসবাস করছে ছয় লাখের বেশি মানুষ। এর মধ্যে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় চার লাখ। দখলদারদের দ্রুত উচ্ছেদ করা না গেলে অন্যান্য বনভূমিও বেদখল হয়ে যাবে।
তথ্য অধিকার আইনে বন বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জেলায় মোট ২৭ হাজার ৪৬৬ একর বনভূমি বেদখলে রয়েছে। এর মধ্যে চকরিয়ায় আট হাজার ৭১ দশমিক ৯৬ একর, কক্সবাজার সদরে চার হাজার ৯৭ দশমিক ৪৩ একর, রামুতে সাত হাজার ৭৮০ দশমিক ৮২ একর, উখিয়ায় চার হাজার ৬৪৬ দশমিক ২৮ একর ও টেকনাফে দুই হাজার ৮৭০ দশমিক ০১ একর। উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত দুটি বন বিভাগের অধীনে জেলায় বনভূমির পরিমাণ এক লাখ ৯৫ হাজার ৫৭৭ দশমিক ৯৬ একর।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাস বলেন, বনভূমি দখল ও বসতবাড়ি উচ্ছেদের জন্য বন বিভাগ গত পাঁচ বছরে দেড় হাজার ভূমিদস্যুর বিরুদ্ধে আট হাজার ৮৪৪টি মামলা করেছে। এর মধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৪৯টি। এসব মামলায় ৪৯৭ ভূমিদস্যুর মধ্যে চলতি সালে ৩৮ জনকে আটক করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, শহরের উঁচু পাহাড় কেটে ফেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। গত অক্টোবর মাসে পরিবেশ অধিদপ্তর শহরের ১৮টি উঁচু পাহাড় কেটে ফেলার দায়ে ৯৬ জন দখলদারের বিরুদ্ধে সদর থানায় ১৯টি মামলা করা হয়েছে।