২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় কিছু প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ-ছয় বছর পর্যন্ত প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৮০টি পদও শূন্য রয়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাদার্শা-সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন বলেন, আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি প্রায় দুই বছর ধরে শূন্য। এ ছাড়া সহকারী শিক্ষকের তিনটি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে। সহকারী শিক্ষকের অভাবে হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয়ের পাঠদান পরিচালনায়।
উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি খালি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন জায়গায় যেতে হয়। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বলেন, উপজেলার বেশ কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে।